প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ২১:১৪ পিএম
জয়কালে ক্ষয় নেই। প্যাট কামিন্সের ব্যাপারটা অনেকটা সেরকমই! অস্ট্রেলিয়ার
অধিনায়ক হওয়ার পর থেকেই ক্ষিপ্রগতিতে ছুটছেন, জয় করছেন সামনে যা পাচ্ছেন। বিশ্ব টেস্ট
চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন অধিনায়কের দায়িত্ব পেয়ে। সদস্য হিসেবে জিতেছেন
টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন লাগাম লাগিয়েছেন আরেকটি অপূর্ণতার পেছনে। বোর্ডার-গাভাস্কার
ট্রফি জেতা হয়নি অজি পেসাদের। এর জন্য ইংল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
৮ সপ্তাহের জন্য ছুটি নিয়েছেন বোর্ড থেকে।
ঘরের মাঠে ভারতের কাছে টানা দুটি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরেছে
অস্ট্রেলিয়া। ২০১৮-১৯ ও ২০২০-২১ সালে সিরিজ হারা অস্ট্রেলিয়া নভেম্বরে শুরু হতে যাওয়া
সিরিজে যেকোনো মূল্যেই জিততে চান কামিন্স। গুরুত্বপূর্ণ সেই সিরিজের আগে নিজেকে পুরো
ফিট আর সতেজ হিসেবে মাঠে চান কামিন্স।
ফক্স স্পোর্টসকে কামিন্স বলেছেন, ‘বিশ্রাম কাটিয়ে ফেরা সবাই একটু
সতেজ থাকে। প্রায় ১৮ মাস আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে আমি টানা বোলিং
করে যাচ্ছি। তাই শরীরকে ঠিক অবস্থায় ফিরিয়ে আনতে সাত থেকে আট সপ্তাহের জন্য বোলিং থেকে
সম্পূর্ণ বিশ্রাম আমার জন্যই ভালোই হবে।’ বিশ্রামটা কীভাবে কাজে লাগবে, সেই ব্যাখ্যাও
দিয়েছেন কামিন্স, ‘এর (বিশ্রামের) মানে এটাই যে আপনি একটু বেশি লম্বা সময় ধরে বোলিং
করতে পারবেন। গতি নিয়ন্ত্রণ করতে সহজ হবে এবং এটা আপনার চোটের ঝুঁকি কমাবে।’