প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ২১:০১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪ ২১:১৮ পিএম
‘আজ হোক, কাল হোক, হামজা বাংলাদেশের জার্সিতে খেলবে’—কথাটা এ বছর ফেব্রুয়ারিতেই বলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা চৌধুরী নিজেও এর আগে তার মাতৃভূমি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা বলেছিলেন। সেই সূত্র ধরেই লিস্টার সিটি তরকাকে নিয়ে কাবরেরা বলেছিলেন এমন আশার কথা।
আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজে ডিফেন্সিভ মিডফিল্ডার হামজাকে খেলানোর পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের পাশাপাশি অনেক আনুষ্ঠানিকতা বাকি থাকায় আসন্ন উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে হামজার খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ হয়ে আসছে।
হামজার বাংলাদেশের পাসপোর্ট হয়েছে। কিন্তু তিনি এখনও সেটি হাতে পাননি। এ ছাড়া আরও কিছু আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে। ফিফা থেকে ছাড়পত্র লাগবে। সব মিলিয়ে সেপ্টেম্বরের উইন্ডোতে সেই সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ফিফা থেকে ইতিবাচক সাড়া পেলে আগামী নভেম্বরের উ্ইন্ডোতে তাকে পাওয়ার আশা করছেন তিনি।
রবিবার (১৮ আগস্ট) গণমাধ্যমকে তুষার বলেন, ‘এ ব্যাপারে ওনার (হামজার) আইনজীবী ও এজেন্টদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। প্রি-সিজন শেষ করে ইতোমধ্যে সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। আমরা একটা ভালো কিছু অতিসত্বর বলতে পারব। ইতিবাচক কিছু জানাব। সামনের উইন্ডোতে (সেপ্টেম্বরে) মনে হয় তাকে খেলানো সম্ভব হবে না। তবে ইনশাল্লাহ নভেম্বরের উইন্ডোতে সব ইতিবাচক থাকলে তাকে আমরা পাব।’