সৌদি সুপার কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৪:০৭ পিএম
প্রথমার্ধে এগিয়ে ছিল আল নাসরই। বিরতিতে যাওয়ার আগে দলকে লিড এনে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বিরতি থেকে ফিরেই যেন খেই হারিয়ে ফেলে দলটি। মাত্র ১৭ মিনিটের তাণ্ডবে রোনালদোদের লন্ডভন্ড করে দেন আল হিলাল। আর তাতেই টানা দ্বিতীয়বারের মতো সৌদি সুপার কাপের শিরোপা জিতেছে এশিয়ান জায়ান্টরা।
শনিবার (১৭ আগস্ট) প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে আল হিলালের কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছে আল নাসর। গত বছরের ফাইনালে আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল আল হিলাল। সৌদি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি এ নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতলো। এছাড়াও গেল মৌসুমে ঘরোয়া ট্রেবলের পর এই মৌসুমেও উড়ন্ত সূচনা করল হোর্হে হেসুরের আল-হিলাল।
প্রথমার্ধের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল আল-নাসর। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও গোলে শট নেয়া কিংবা গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল তারা। টানা ভাল খেলার সুফল তারা পায় ম্যাচের ৪৪ মিনিটে। আব্দুল রহমান ঘারেবের পাসে ডি বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে আলতো টোকায় বল জালে জড়ান রোনালদো। ডানপ্রান্তের নিচু সেই শট ঠেকাবার উপায় ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের।
তার গোলেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। বিরতির পর ৫৫ মিনিটে সমতায় ফেরে আল-হিলাল তাদের দুই সার্বিয়ান তারকার কল্যাণে। আলেকজান্ডার মিত্রোভিচের পাস থেকে সিক্স ইয়ার্ড বক্সের মধ্য থেকে গোল করেন সার্জ মিলাঙ্কোভিচ-সাভিচ। এরপর ৬৩ ও ৬৯ মিনিটে জোড়া গোল করে আল নাসরকে ম্যাচ থেকে ছিটকে দেন আলেকজান্ডার মিত্রোভিচ। আর ৭২ মিনিটে আল নাসরের কফিনে শেষ পেরেক ঠোকেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।
শেষ পর্যন্ত অবশ্য চেষ্টা করেও আর কোনো জোরালো আক্রমণ করতে পারেনি আল-নাসর। ৪-১ গোলের তিক্ত অভিজ্ঞতা নিয়েই ফাইনালের মঞ্চ ছাড়তে হল রোনালদোর দলকে। তাতে সৌদি আরবে দ্বিতীয় ট্রফি জয়ের সুযোগও হাতছাড়া হয় সিআরসেভেনের৷