প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১১:৫৭ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪ ১১:৫৮ এএম
অস্ট্রেলিয়ায় চলমান নয় দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ক্লাব নর্দার্ন টেরিটরিকে ২১ রানে হারিয়েছে আকবর আলীর দল।
রবিবার (১৮ আগস্ট) ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান করে বিসিবি এইচপি। লক্ষ্য তাড়ায় নর্দান টেরিটরি নির্ধারিত সময়ে ৯ উইকেটে ১১৭ রানের বেশি করতে পারেনি।
ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো ছিল না এইচপির। প্রথম ওভারেই দলীয় মাত্র ৭ রানের মাথায় ওপেনার জিসান আলম (৪) আউট হয়ে যান। এরপর তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন জুটি গড়ার চেস্টা করেন।
তবে ইমন যতক্ষণ ক্রিজে ছিলেন, রান তুলতে বেশ তাকে সংগ্রাম করতে হয়েছে। অন্যদিকে নিজের সহজাত ব্যাটিং করছিলেন তামিম। কিন্তু দলীয় ৩৭ রানে এইচপি দ্বিতীয় উইকেট হারায়। ওয়ানডাউনে নামা তানজিদ হাসান তামিম ফিরে যান ১৬ রান করে।
মাঝে আফিফ হোসেন ধ্রুব থিতু হতে থাকলেও, ইনিংস বড় করতে পারেননি। নবম ওভারে দলীয় ৬২ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। বিদায়ের আগে ১৬ বলে ৪ চারে ২২ রান করেন এই ব্যাটার। স্কোরবোর্ডে আর আর যোগ না হতেই পরের ওভারে ফেরেন ওপেনার ইমনও, তার আগে খেলেছেন ২৩ বলে ১৭ রানের ধীরগতির এক ইনিংস।
এইচপি অধিনায়ক আকবর আলিও আউট হয়ে যান মাত্র ৩ রানে। শেষদিকে বাংলাদেশের মান বাঁচানো পুঁজি আসে শামিমের কল্যাণে। শেষ পর্যন্ত অপরাজিত জাতীয় দলের এই ব্যাটার ৩৪ বলে ৪টি চারের বাউন্ডারিতে ৪১ রান করেন। এ ছাড়া মাহফুজুর রহমান রাব্বি করেন ২১ রান। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে এইচপি ১৩৮ রান তোলে। এনটি স্টাইকার্সের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হ্যামন্ড।
১৩৯ রানের লক্ষ্য তাড়ায় দেখেশুনে ভালোভাবেই আগাচ্ছিল অস্ট্রেলিয়ান ক্লাবটি। দুই ওপেনার মিলে ৪১ রান এনে দেন পাওয়ার প্লেতে। ডি’আরসি শর্টকে ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ আউট করে ফেরান আলিস আল ইসলাম। এরপর দ্বিতীয় উইকেটের জন্যও বেশি বেগ পেতে হয়নি আকবর আলির দলকে। ওপেনিংয়ে নামা সেট ব্যাটার জ্যাক ওয়েদারাল্ডকে ৩৪ রানে ফেরান আরেক স্পিনার রাকিবুল হাসান।
দ্বিতীয় উইকেট পড়তেই খেই হারায় এনটি স্ট্রাইকার্স। ৭০ রানের ঘরে পাঁচ এবং ৯১ রান তুলতেই তারা আট উইকেট হারিয়ে বসে। রিপন মন্ডল, রাকিব ও আবু হায়দার রনিদের বোলিংয়ে স্বাগতিকরা একপ্রকার দিশেহারা হয়ে পড়ে। শেষদিকে নামা কেলান মালাডে’র ১৯ রান ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কেরও দেখা পাননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটরি। বিসিবি এইচপি ২৩ রানে জিতে ফাইনালে পা রাখে।
আরেক সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে ৩০ রানে হেরেছে পাকিস্তান শাহিনস। ফলে ফাইনালে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেইড। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।