সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১৯:৪৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১৯:৫৪ পিএম
নেপালে অনুশীলন করছে বাংলাদেশের যুবারা। ছবি : বাফুফে
নেপালে আজ থেকে
মাঠে গড়াবে ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে যোগ দিতে গত শুক্রবার
রাতেই নেপালে পৌঁছেছে বাংলাদেশ দল। দেশটিতে পৌঁছানোর আগে খুব বেশি অনুশীলনেরও সুযোগ
পায়নি লাল-সবুজের প্রতিধিনিরা। তারপরও শেষ কয়েক দিনের প্রস্তুতি নিয়েই আশাবাদী দলের
প্রধান কোচ মারুফুল হক। সবকিছু পেরিয়ে বাংলাদেশ ফাইনালে খেলবেÑ এমন প্রত্যাশাই বয়সভিত্তিক
দলের এই কোচের।
টুর্নামেন্ট শুরুর
আগে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শনিবার হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে
উপস্থিত ছিলেন ছয় দলের অধিনায়ক ও কোচেরা। বাংলাদেশের প্রধান কোচ মারুফুল হক বলেছেন,
‘সাম্প্রতিককালে দেশের অপ্রত্যাশিত কিছু ঘটনার কারণে আমরা অনুশীলনের জন্য দুই দিন হাতে
পেয়েছিলাম। গত আসরে আমরা ফাইনাল খেলেছিলাম। এটা আমাদের জন্য একটা বাড়তি চাপ। তবে যাই
হোক, এবারও আশা করছি আমরা ফাইনাল খেলব।’
বয়সভিত্তিক এই
টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ। তার লক্ষ্য ফাইনালে খেলা,
‘আমাদের দলের সকল খেলোয়াড়ই এখন ফিট আছে। চোটজনিত কোনো সমস্যা নেই। ম্যাচ বাই ম্যাচ
খেলে ফাইনালে ওঠাই আমাদের মূল লক্ষ্য। সবার প্রত্যাশা দলটা ফাইনাল খেলুক এবং চ্যাম্পিয়ন
হোক। সবকিছু ঠিক থাকলে ভালো খেলব এবং চ্যাম্পিয়ন হতে পারব।’
আসরে স্বাগতিক
নেপালসহ অংশ নেবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে
লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ। আজ উদ্বোধনী ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও নেপাল। বাংলাদেশের
প্রথম ম্যাচ আগামী ২০ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপপর্বের শেষ ম্যাচটি বাংলাদেশ
খেলবে ২২ আগস্ট, স্বাগতিক নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচই বিকাল ৪টায় দশরথ স্টেডিয়ামে
গড়াবে। ২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে। ম্যাচগুলো
বিকাল সাড়ে ৫টায় শুরু হবে।