প্রবা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৬:০৪ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৭:১২ পিএম
হ্যারি কেন ও ওয়ানলাভ আর্মব্যান্ড। ছবি : সংগৃহীত
বিবাদ নয়, সহাবস্থান; খেলাধুলার বড় কোনো আসর থেকে এমন একটি বার্তা ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা থাকে। কয়েক ঘণ্টার মাথায় শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়।
যতারীতি ফুটবলের এ আসরের প্রতি ম্যাচে উভয় দলের অধিনায়কেরা তাদের বাহুতে একটি ফিতা পরবেন, যা আর্মব্যান্ড নামে পরিচিত। আর্মব্যান্ড সাধারণত সাম্য, মৈত্রী ও সহাবস্থানের বার্তা বহন করে।
গার্ডিয়ান ও স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, এবারের আর্মব্যান্ড নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো শনিবার (১৯ নভেম্বর) বিশেষ নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনার বাইরে গিয়ে কেউ নিজেদের পছন্দ অনুযায়ী আর্মব্যান্ড পরলে, ফিফার নিয়ম অনুযায়ী তাদের জরিমানার মুখে পড়ার ঝুঁকি রয়েছে। কিন্তু জরিমানার ঝুঁকি সত্ত্বেও বিশেষ ধরনের আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস দলের অধিনায়কেরা।
জানা গেছে, ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেন ও ওয়েলস দলের অধিনায়ক গ্যারেথ বেল ফিফা নির্দেশিত কোনো আর্মব্যান্ড পরবেন না। বরং তারা পরবেন ‘ওয়ানলাভ’ রেইনবো আর্মব্যান্ড। এটা বিভিন্ন সংস্কৃতির, সমাজের বিভিন্ন শ্রেণি ও লিঙ্গের মানুষের সহাবস্থানের প্রতিনিধিত্ব করে। বিশেষ করে এলজিবিটিকিউ কমিউনিটির মানুষকে সমাজের মূলধারার সঙ্গে একীভূত করার জন্য এ আর্মব্যান্ড শক্তিশালী বার্তা দেয়।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়শনের (এফএ) প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম স্কাই নিউজকে বলেন, ‘ওয়ানলাভ আর্মব্যান্ড পরার জন্য দুই মাস আগে আমরা ফিফাকে চিঠি দেই । কিন্তু তারা এখনও আমাদের চিঠির উত্তর দেয়নি। এ অবস্থায় শনিবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আর্মব্যান্ড নিয়ে একটি নির্দেশনা প্রকাশ করেছেন। কিন্তু হ্যারি কেন ওয়ানলাভ রেইনবো আর্মব্যান্ডই পরবেন। এজন্য ইংল্যান্ড দলকে হয়তো জরিমানা গুনতে হতে পারে।’