প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১২:৩৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১৪:৫৩ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। সংগৃহীত ছবি
শেষ সময়ের গোলে গত রাতে জয় দিয়ে লিগ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ফুলহামকে ১-০ ব্যবধানে হারিয়েছে এরিক টেন হাগের দল। তবে দলের পারফরম্যান্সে তৃপ্ত নন টেন হাগ। দল যে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে এটিই ভাবাচ্ছে তাকে। কেবল তো মৌসুম শুরু, যে কারণে এখনই দলের প্রতি বার্তা দিয়ে রাখলেন ইউনাইটেড বস।
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় এদিন ৮৭ মিনিটে গোল করেন অভিষিক্ত ডাচ্ ফুটবলার জশুয়া জার্কজি। তাতে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে রেড ডেভিলরা। যদিও এ ম্যাচে আরও গোল পেতে পারতেন টেন হাগের শিষ্যরা। প্রথম ম্যাচ বলে ভুলগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না টেন হাগ। তবে সামনে তাকিয়ে গোল করায় উন্নতি দেখতে চান ইউনাইটেড কোচ, ‘বক্সের ভেতর খেলা শেষ করে দেওয়ার জায়গায় আরও অনেক উন্নতি করতে হবে আমাদের। প্রাকমৌসুম প্রীতি ম্যাচগুলোয় ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে (কমিউনিটি শিল্ডের ফাইনালের পরাজয়ে) ম্যাচে আমরা এ রকমই দেখেছি। আজও আমরা পর্যাপ্ত সুযোগ পেয়েছি। গোলের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না।’
টেন হাগ আরও বলেন, ‘দলকে আরও কার্যকর হতে হবে। খেলা শেষ করা জানতে হবে। হতে পারে, মৌসুমের মাত্রই শুরু। আরেকটু সময় লাগবে। ফুটবলাররা পুরোপুরি গতি ও ছন্দে আসবে। স্কোর করার মতো যথেষ্ট ফুটবলার আমাদের আছে।’