প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ২২:৩৬ পিএম
শাকিব খান
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন আসর মানেই থাকবে নতুনত্ব। নানা নতুনত্বের মাঝে থাকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের বিষয়ও। অন্য কোনো দলের নাম আর মালিকানায় পরিবর্তন না এলেও একটি জায়গায় বদল আসবে নিশ্চিত- সেটা ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও নামে। গত কয়েক আসর ধরেই এটা যেন রীতি হয়ে গেছে বাংলাদেশের ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এর ধারাবাহিকতা দেখা গেল এবারও। ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান।
বলিউড বাদশাহ শাহরুখ খানের মতো এবার ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন কিং খান। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল। এ নিয়ে আইপিএলে তৃতীয়বারের চ্যাম্পিয়ন কেকেআর। শাহরুখের কেকেআরের ফ্র্যাঞ্চাইজি রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও মেজর লিগ সকারেও। তবে তার শুরুটা হয়েছে ঘরের মাঠে। এবার বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানও শাহরুখের মতো নিজের ঘরেই শুরু করলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন এক অভিযাত্রা।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আওয়ামী সরকারের পতনের পর ক্ষমতায় এসেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের এ রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়ছে দেশের ক্রীড়াঙ্গনে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের পর দেশের ক্রিকেট এক রকম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। শঙ্কা আছে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়েও।
লভ্যাংশের দাবিতে বিপিএলের সর্বশেষ আসর শুরুর আগেই টুর্নামেন্টে দল না রাখার হুমকি দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালকিন নাফিসা কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে সামনের বিপিএলে কুমিল্লা খেলছে না বলেই খবর ছড়িয়ে পড়েছে। নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন কি না এ নিয়ে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। যদিও শোনা যাচ্ছে, শীর্ষ পদ ছাড়তে রাজি তিনি।
ক্রিকেটের এই ঢামাডোলের মধ্যেই এসেছে নতুন খবর, বিপিএল দল কিনে ফেলেছে চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে প্রসাধনী ব্যবসার প্রতিষ্ঠানটি। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র।
প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হলেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। আর হারল্যানের শুভেচ্ছাদূত হয়ে আছেন সাকিব আল হাসান। রূপালী পর্দা থেকে এবার তিনি রাজত্ব গড়লেন ক্রিকেটাঙ্গনে। এরই মধ্যেই সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়েছে বলে খবর দিয়েছে সূত্রটি।
গত বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের হাতে। দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তারা দলটির মালিকানা কিনে নিয়েছিল রুপা গ্রুপের কাছ থেকে। রুপা গ্রুপের অধীনে ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল ঢাকা ডমিনেটরস। এবারও নাম বদলে যাবে ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির। এমন খবরই দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।
বিপিএলের আগামী আসর মাঠে গড়াতে পারে চলতি বছরের শেষ দিকে। আর প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে আগামী সেপ্টেম্বরের কোনো এক সময়ে। তবে সরকার পরিবর্তন হওয়ায় নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলোতে আসতে পারে আরও বদল। সেই শাঙ্কাই করছেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা।
বদল আসছে যাচ্ছে বিপিএলের ব্যবস্থাপনায়ও। কারণ বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান শেখ সোহেল ও সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক আত্মগোপন করেছেন। দেশের চলমান পরিস্থিতিতে এবারের বিপিএল মাঠে গড়াবে কি না, উঠেছে সে প্রশ্নও। বোর্ডের একটি সূত্র জানিয়েছে আশার কথাই, ‘বিপিএল শুরু হতে আরো চার মাসের বেশি সময় বাকি। তত দিনে অবস্থা আরো ভালো হবে। এই টুর্নামেন্ট না হওয়ার কোনো কারণ দেখি না।’
পরিবর্তন আসলেও আগের সব ফ্র্যাঞ্চাইজি থাকার কথা। শঙ্কা থাকলেও সিলেট স্ট্রাইকার্স থেকে যাচ্ছে। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শুধুই মৌখিক সম্মতি জানিয়েছে। এ জন্য দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও আলোচনা করে যাচ্ছে বিসিবি। তবে পিছিয়ে যাচ্ছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এটি শুরুতে নয়, হতে পারে সেপ্টেম্বর মাসের শেষে। বিপিএলের সম্ভাব্য সূচি ২৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম বদলের ধারা
ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২-১৩)
ঢাকা ডায়নামাইটস (২০১৫-১৯)
ঢাকা প্লাটুন (২০১৯/২০২০)
মন্ত্রী ঢাকা (২০২২)
ঢাকা ডমিনেটরস (২০২৩)
দুরন্ত ঢাকা (২০২৪)
ঢাকা _______? (২০২৫)