প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ২১:২০ পিএম
সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার নিরোশান ডিকভেলা। লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) সবশেষ আসরে অ্যান্টি ডোপিং আইন ভঙ্গের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন এই লঙ্কান উইকেটকিপার ব্যাটার।
শুক্রবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিকভেলার নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। লঙ্কানদের হয়ে ৫৪ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। সর্বশেষ ২০২৩ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন তিনি।
এলপিএলের ২০২৪ আসরে গল মার্ভেলসের অধিনায়কের দায়িত্বে ছিলেন ডিকভেলা। তার নেতৃত্বে রাউন্ড রবিন লিগে বেশ ভালো করেছিল গল। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থেকে শেষ করার ফাইনালেও খেলেছিল গল মার্ভেলস। তবে ফাইনালে জাফনার কাছে ৯ উইকেটে হেরে শিরোপা জেতা হয়নি গলের।
পুরো আসরে নেতৃত্বে ভালো করলেও ব্যাট হাতে ভালো করতে পারেননি ডিকভেলা। ১০ ম্যাচে ১৮.৪০ গড় ও ১৫৩.৩৩ স্ট্রাইক রেটে ১৮৪ রান করেছেন তিনি। এমন বাজে পারফরম্যান্সের পর ভারতের বিপক্ষে সিরিজে সুযোগ হয়নি এই ব্যাটারের। সবশেষ ডোপিং কান্ডে তার আন্তর্জাতিক ক্যারিয়ারই এখন হুমকির মধ্যে পড়ে গেছে।