প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ২১:০১ পিএম
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। পাকিস্তানের এই তারকা ব্যাট হাতে তিন ফরম্যাটেই বেশ ধারাবাহিক। ব্যাটারদের র্যাঙ্কিংয়ের তালিকায় ডানহাতি এই ব্যাটার আছেন সেরাদের কাতারে। তার মতো বিশ্বমানের ব্যাটারকে আউট করতে পারা যেকোনো বোলারেরই স্বপ্ন। বাংলাদেশের পেসার শরিফুল ইসলামও যেমনটা দেখছেন। তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে বাবরের মুখোমুখি হলেও একবারও সাফল্যের দেখা পাননি শরিফুল। এবার সেই স্বপ্নপূরণ করতে চান ২৩ বছর বয়সি বাঁহাতি এই পেসার।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজকে সামনে রেখে লাহোরে অনুশীলন করছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। সেখানেই আজ শুক্রবার (১৬ আগস্ট) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাবরকে আউট করার স্বপ্নের কথা জানিয়েছেন শরিফুল, ‘আমার স্বপ্নের উইকেট বাবর আজম ভাইয়ের উইকেটটি। তার উইকেট পেলে আমি অনেক খুশি হব। আমি গত বছর এলপিএলে খেলেছিলাম উনার সঙ্গে। তিনি দারুণ একজন মানুষও বটে।’
রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট শুরু হবে দুই দলের মাঠের লড়াই। রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটারদের সঙ্গে পেসারদেরও দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে। পেস সহায়ক উইকেট হলে সুইং আদায় করতে চান শরিফুল, ‘প্রথমত আমি এখনও রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। তবে শুনেছি সেখানে পেসারদের জন্য কিছুটা ঘাস রাখা হয়েছে। আশা করছি, ঘাস থাকবে উইকেটে। প্রতিটি পেসারই চায় উইকেটে কিছু ঘাস থাকুক যেন ভালো সিম মুভমেন্ট আদায় করে নেওয়া যায়। ফলে এ রকমটা হলে পেসারদের জন্য ভালো ব্যাপারই হবে।’
লাহোরের অনুশীলন নিয়ে শরিফুলের ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ। পিসিবিকে ধন্যবাদ আমাদের এখানে অনুশীলনের অনেক ভালো সুযোগ-সুবিধা করে দেওয়ার জন্য। আমরা এখানে সময়টা উপভোগ করছি। কিছুটা গরম এখানে (হাসি)। তবে আমাদের মানিয়ে নিতে হবে। ইসলামাবাদেও অনেক গরম থাকবে (হাসি)। আমরা আসলে পাকিস্তানের মাটিতে খুব বেশি ম্যাচ খেলিনি। ফলে আমাদের এখানে মানিয়ে নিতে হবে, বিশেষ করে রাওয়ালপিন্ডির উইকেটে।’
নিজের বোলিং নিয়ে বাঁহাতি এই পেসার বলেন, ‘আসলে লাল বলের জন্য প্রস্তুতি নেওয়াটা বেশ কঠিন ব্যাপার, বিশেষ করে এতটা লম্বা সময়ের ব্যবধানে। তবে আমাদের মানিয়ে নিতে হবে। আরও কিছু দিন বাকি আছে। এর মধ্যে ফিটনেস, বোলিং ওয়ার্কলোড ম্যানেজ করে ভালোভাবে প্রস্তুত হতে পারব বলে আশা করছি।’