প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১৯:১৫ পিএম
অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড সিরিজে আবারও হারল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। সবশেষ ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে এইচপিরা। এই হারে পাঁচ ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে নেমে গেছে আকবর আলীর দল।
শুক্রবার (১৬ আগস্ট) ডারউইনে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে এইচপি দল। লক্ষ্য তাড়ায় পাকিস্তান শাহিনসের শুরুটা
ছিল দুর্দান্ত। কিন্তু শেষ দিকে কিছু উইকেট তুলে নিয়ে রোমাঞ্চ ছড়ালেও জয় আর তুলে নিতে
পারেনি লাল-সবুজের দল। ৭ বল হাতে রেখেই তুলে নেয় পাকিস্তান শাহিনস দল।
ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়ে ফেলে
বাংলাদেশ এইচপি। ওপেনার জিসান আলম গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান। এরপর তানজিদ হাসান
তামিম এবং পারভেজ হোসেন ইমন মিলে কিছুক্ষণ প্রতিরোধ গড়েন। তানজিদ দেখেশুনে খেললেও ইমন
ছিলেন আগ্রাসী। ১৯ বলে ১৮ রানের ইনিংস খেলে বিদায় নেন তানজিদ। ঠিক তার পরের ওভারেই
ইমন ফিরে যান ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে।
এরপর দ্রুতই আফিফ হোসেন ধ্রুব (৪) এবং
অধিনায়ক আকবর আলী (১) বিদায় নিলে দলীয় ৫৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়
এইচপি। সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারী এবং মাহফুজুর রহমান রাব্বির দায়িত্বশীল ব্যাটিংয়ে
আর কোনো উইকেট না হারিয়ে ১৪১ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ এইচপি।
৩৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত
থাকেন শামীম। অন্যদিকে ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলে ক্রিজে টিকে ছিলেন রাব্বি। পাকিস্তান
শাহীনসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ফয়সাল আকরাম।
জবাব দিতে নেমে শাহীনসকে ঝড়ো শুরু এনে
দেন মোহাম্মদ হারিস। ১৮ বলে ৩২ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। বাকিদের মধ্যে ওমাইর
বিন ইউসুফ ২৯ বলে ৩৭ রান করেন। এছাড়া উসমান খান ১৬ বলে ১৯ রানের ইনিংস খেলেন। প্রায়
জিততে থাকা ম্যাচে শেষ কিছুটা হোঁচট খায় শাহীনস। ১১১-১২৩ এই ১২ রানের মধ্যে ৪ উইকেট
হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে শেষ দিকে জাহানদাদ খানের ৭ বলে ১১ রানের ইনিংসে চড়ে
জয়ের বন্দরে পৌঁছে যায় শাহীনস।
বাংলাদেশ এইচপির হয়ে ১টি করে উইকেট
নেন রকিবুল হাসান, রিপন মন্ডল, মাহফুজুর রহমান রাব্বি এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।
চলতি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন
রেনেগের্ডসের বিপক্ষে ৭৭ রানে জিতেছিল এইচপি। অবশ্য পরের দুই ম্যাচে তাসমানিয়া টাইগার্সের
বিপক্ষে ৫ উইকেট ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হেরেছিল। তবে চতুর্থ ম্যাচে
ব্যাটে-বলের দাপুটে পারফরম্যান্সে এসিটি কমেটসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছিল আকবর-আফিফরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি : ২০ ওভারে ১৪১/৫ (শামীম ৪৪*, রাব্বি ৪১*, ফয়সাল ৩/১০)
পাকিস্তান শাহিনস : ১৮.৫ ওভারে ১৪৩/৭ (ওমাইর ৩৭, হারিস ৩২, জাহানদাদ ১১*, রকিবুল ১/২৩)
ফলাফল : পাকিস্তান শাহীনস ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মাহফুজর রহমান রাব্বি।