× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবল ধ্বংসের পাঁয়তারা করছেন সালাউদ্দিন

রুবেল রেহান

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১১:৩৫ এএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১১:৪১ এএম

সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। প্রবা ফটো

সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। প্রবা ফটো

বিদ্যমান পরিস্থিতিতে অস্থিরতা ক্রীড়াঙ্গনেও। অনেকে মনে করছেন সঠিক পথে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কদিন আগেই সিনিয়র সহসভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। পদত্যাগের দাবি উঠেছে ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ বর্তমান কমিটির আরও কয়েকজনের। জোরালো হয়ে উঠেছে বাফুফেতে সংস্কারের দাবি। এসব বিষয় নিয়েই প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সঙ্গে কথা বলেছেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। 

 প্রবা : একটানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতি পদে কাজী সালাউদ্দিন, আপনি কি মনে করেন সফল বলেই এই পদে টানা এত বছর তিনি?

শফিকুল ইসলাম মানিক : একটানা ১৬ বছর বা ২০ বছর এটা কোনো ম্যাটার করে না। কাজ যারা করে তারা অনেক বছর থাকতে পারেন। সালাউদ্দিন ভাই যখন দায়িত্ব নেন তখন তার বয়স অনেক কম ছিল। তার কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। তিনি দীর্ঘসময় ধরে একটা ফল ভোগ করেছেন। কিন্তু সেই ফলটা আমাদের মধ্যে ভাগ করতে পারেননি। মানে ফুটবলের যে সাফল্য, সেটা তিনি তার আমলে জনসাধারণের মধ্যে ভাগ করে দিতে পারেননি। আমার কথাই বলি, আমি কোচ হয়ে সাফল্য না দিতে পারলে সরে দাঁড়াব; এটা স্বাভাবিক। কিন্তু তিনি নিজে মনে করেন, অনেক কাজ করছেন এবং ভোটাররা তাকে ভোট দিচ্ছে। কিন্তু তিনি ম্যানুপুলেটিং করে নির্বাচিত হয়েছেন। এই অধিকারটা অবশ্য তাকে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হয়তো মনে করেছিলেন, তার ভাইয়ের বন্ধু; ওকে তো অন্য কিছু দেওয়া হয়নিÑ এটাই দিলাম (বাফুফে সভাপতি পদ)। কিন্তু এটা দিয়ে যে আমাদের ফুটবল ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা অনুভব করেননি, সালাউদ্দিন সাহেব নিজেও অনুভব করেননি। 

প্রবা : কাজী সালাউদ্দিন তো দাবি করেন তিনি সফল

শফিকুল ইসলাম মানিক : আমি যদি নিজে নিজে মনে করি যে, আমি সঠিক পথে আছি, সেটা তো সব সময় ঠিক নাও হতে পারে। সাধারণ মানুষদের কথাও তো শোনা উচিত। আমি মনে করি তিনি তার ব্যর্থতা বুঝতে পারেননি। আপামর মানুষ যে তাকে খুশি হয়ে গ্রহণ করেছিল সেসবের প্রতিদান তিনি দিতে পারেননি। মনে হয় না দেশের ৫ শতাংশ মানুষও এখন তাকে পছন্দ করে। এই অবস্থায় তার সরে যাওয়াটা একদম বাঞ্ছনীয়।

প্রবা : দুই মাস পরের নির্বাচনেও তিনি ফের দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন

শফিকুল ইসলাম মানিক : এটা আমার কাছে মনে হয় একটা কৌশল অবলম্বন করছেন তিনি। হতে পারে যে, তিনি আমাদের ফুটবল ধ্বংসের একটা পাঁয়তারা করছেন। সহজ জিনিসটাকে কঠিন করে ফেলছেন। 

প্রবা : বাংলাদেশের ফুটবলের একটি সমর্থকগোষ্ঠী তার পদত্যাগে আন্দোলন করছে, এতে কি ফিফার দিক থেকে কোনো সমস্যা হতে পারে?

শফিকুল ইসলাম মানিক : সরকারের পক্ষ থেকে যদি ঘোষণা আসে বা চাপ প্রয়োগ করা হয় পদত্যাগের জন্য, তাহলে এটা অন্যদিকে বাঁক নিতে পারে। এখন যে সরকার ক্ষমতায় আছে, যারা দায়িত্বে আছেন, আমার বিশ্বাস তারা এমন কিছু করবেন না। কিন্তু উনি (সালাউদ্দিন) বোধ হয় এমন কিছুই চাচ্ছেন, তাহলে দেশকে একটা ক্ষতির দিকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু তিনি যদি ফিফার কাছে স্বেচ্ছায় বলেন যে, আমার কোনো চাপ নেই, নিজের থেকেই সম্মানের জন্য সরে যেতে চাই। পৃথিবীতে পদত্যাগের অনেক ঘটনাই তো আছে। কিন্তু উনি এটা করছেন না। উনি আসলে ফুটবলকে এমন এক জায়গায় রেখে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, আমি মনে করি ক্ষতির দিকেই ঠেলে দিতে চাইছেন।

প্রবা : আর কী ক্ষতি হতে পারে, দুর্নীতি, অনিয়ম তো কম হয়নি বাফুফেতে

শফিকুল ইসলাম মানিক : তিনি একটা শেষ কৌশল নিয়েছেন বলে আমার ধারণা। এটা হয়তো তার দর-কষাকষির কোনো একটা কৌশল। সাধারণ মানুষকে, জনগণের আবেগকে তিনি পাত্তাই দেননি। এখন কথা হলো তাকে কারা নির্বাচিত করছে। তিনি হয়তো তাদের আশায় এগোচ্ছেন। তিনি বেশ কিছু কাউন্সিলরকে করাপটেড করেছেন। 

প্রবা : অনেকেই মনে করেন সর্বশেষ নারী লিগের উদ্দেশ্য ছিল ভোটার বাড়ানো

শফিকুল ইসলাম মানিক : গত কয়েক বছর তিনি পাস করেছেন কিছুসংখ্যক কাউন্সিলরের জন্য, যারা নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে তাকে ভোট দিয়ে গেছেন। ইচ্ছা না থাকলেও হয়তো তাকে ভোট দিতে হয়েছে। আবার সরকারের একটা প্রচণ্ড ধরনের সহযোগিতা ছিল, যে কারণে তিনি হয়তো উতরে গেছেন। তার পুঁজি হলো কিছু কাউন্সিলর। তবে এখনও যদি মনে করেন আগামী নির্বাচনে কাউন্সিলদের বদৌলতে পাস করবেন, আমার মনে হয় না সেটা হবে। তার সম্মান এখনও কিছুটা আছে, চাই নিজের ভালো-মন্দটা তিনি বুঝুন। কত মানুষ তাকে পছন্দ করে; সেটা একটু জানার চেষ্টা করুন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা