প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১১:২৪ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১১:২৮ এএম
দীর্ঘ টাইব্রেকারের রেকর্ড গড়েছে ম্যাচটি। সংগৃহীত ছবি
নির্ধারিত সময় শেষে দেখা যায়, নেদারল্যান্ডসের আয়াক্স এবং গ্রিসের পানাথিনাইকোস দল দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। পয়েন্ট এবং গোলপার্থক্য একই থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও আসেনি ফল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই দুই দলে ৩৪টি শটের ইউরোপিয়ান রেকর্ডের পর জয়ের দেখা পায় আয়াক্স।
বৃহস্পতিবার ইউরোপা লিগের তৃতীয় পর্যায়ের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে নির্ধারিত সময়ে ১-০ গোলে এগিয়ে থাকে পানাথিনাইকোস। আগের লেগে ১-০ গোলে জিতেছিল আয়াক্স। খেলার ফল আনতে পরে ৩৪ পেনাল্টি কিকে নিষ্পত্তি হয় ম্যাচ। ম্যারাথন শুটআউটে আয়াক্স ১৩-১২ গোলে জিতে প্লে অফ নিশ্চিত করেছে।
টাইব্রেকারে আয়াক্সের হয়ে পাঁচটি সেভ দেন গোলরক্ষক রেমকো পাসভির। প্রথমে নির্ধারিত পাঁচটি টাইব্রেকার শেষ ফল ছিল ৪-৪। এরপর সাডেন ডেথে গিয়েও লড়াই হয় হাড্ডাহাড্ডি। হয় দুই দলের ফুটবলাররা গোল করছিলেন, না হলে মিস করছিলেন।
শেষ পর্যন্ত পানাথিনাইকোসের টনি ভিলহেনার শট মিস হতে, আয়াক্সের ডিফেন্ডার অ্যান্টন গাই গোল করে দলকে প্লে অফে তোলেন। অ্যান্টন যেখানে দুবারই স্পট কিক থেকে গোল করেছেন সেখানে স্ট্রাইকার ব্রায়ান ব্রবি দুবারই টাইব্রেকার শ্যুট মিস করেন।
ইউরোপে আগের সবচেয়ে দীর্ঘতম শুটআউটের রেকর্ড হয়েছিল ২০০৭ সালে। ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৩২ পেনাল্টি কিকে ১৩-১২ গোলে ইংল্যান্ডকে হারায় নেদারল্যান্ডস। তবে সবচেয়ে বেশি পেনাল্টি কিকের বিশ্বরেকর্ডের ধারেকাছে নেই এটি।
ফুটবলের ইতিহাসে দীর্ঘতম পেনাল্টি শুটআউটের ইতিহাস তৈরি হয় চলতি বছরের মে মাসে। ইসরায়েলের তৃতীয় ডিভিশনের ম্যাচ এসসি দিমোনা এবং সিমসন তেল আভিভের সেমিফাইনালের ম্যাচে সেদিন নেওয়া হয়েছিল ৫৬টি টাইব্রেকার শট।