প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৬:১৭ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৬:২৯ পিএম
অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজে নিজেদের
প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। মেলবোর্ন
রেনেগের্ডসের বিপক্ষে ৭৭ রানের জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছিল এইচপি। তাসমানিয়া টাইগার্সের
বিপক্ষে ৫ উইকেটে হারের পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরেছিল ৮ উইকেটে। নিজেদের
চতুর্থ ম্যাচে ব্যাটে-বলের দাপুটে পারফরম্যান্সে এসিটি কমেটসের বিপক্ষে জয়রথে ফিরেছে
আকবর আলীর দল।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডারউইনে রিপন
মণ্ডল-আবু হায়দার রনিদের বোলিং তোপে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট
হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি এসিটি কমেটস। জবাবে জিশান আলমের ফিফটিতে ২০ বল হাতে
রেখে ছয় উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি। ৯ দলের টপ এন্ড সিরিজে চার ম্যাচে দুই
জয়ে পয়েন্ট তালিকায় আছে তিন নম্বরে। আগামীকাল পরের ম্যাচে পাকিস্তান ‘এ’দলের বিপক্ষে
খেলবে লাল-সবুজের দল।
এসিটি কমেটসের ১২৫ রানের ছোট লক্ষ্য
তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বিসিবি এইচপি। ৩১ বলে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন
তানজিদ হাসান তামিম ও জিসান আলম। এই জুটিতেই ম্যাচের ফল অনেকটা নির্ধারণ হয়ে যায়। ১৫
বলে ১৮ রান করে আউট হয়ে যান তামিম। তবে অন্যপ্রান্তে ঝড় তোলেন জিসান আলম।
তার ঝোড়ো ব্যাটিংয়েই ১৩তম ওভারে শতরান
পার করে বাংলাদেশ এইচপি। ৩৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন জিসান। অবশ্য পরের বলেই
সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। তার ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কা। এরপর পারভেজ হোসেন
ইমন ২৪ বলে ১ ছক্কায় ২৩ ও আফিফ হোসেন ধ্রুব ১৮ বলে ১৭ রান করেন। শেষ দিকে অধিনায়ক আকবর
আলি ৫ ও শামীম পাটোয়ারী ১ রানে অপরাজিত থেকে বাংলাদেশ এইচপির জয় নিশ্চিত করেন মাঠ ছাড়েন।
এর আগে এসিটি কমেটসের ইনিংসে শুরুতেই
আঘাত হানেন রিপন মন্ডল। ৮ বলে ৮ রান করা ইসাম রহমানকে সাজঘরে ফিরিয়ে উদ্বোধনী জুটি
ভাঙেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৪ বলে ৩৪ রান করে কিছুটা হাল ধরার চেষ্টা চালায়
এসিটি কমেটস। টাইলার ফন লুইনকে (৭) এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন রাকিবুল হাসান।
এই জুটি ভাঙার পর আর রানের চাকা সচল
রাখতে পারেনি দলটি। শেষ দিকে উইকেটের মড়ক লাগে। ৮৮ থেকে ১০৮ রান, এই ২০ রানের মধ্যেই
পাঁচটি উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৪ রান।
২৬ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন ওপেনার মিকি ম্যাকনামারা।
বাংলাদেশ এইচপির পক্ষে রিপন শিকার করেন তিনটি উইকেট। চার ওভারে ১২টি ডট বল করে মাত্র ২৬ রান খরচ করেন। আবু হায়দার রনিও চার ওভারে ১২টি ডট ও ২৬ রান খরচায় নেন দুইটি উইকেট। একটি করে উইকেট নেন রাকিবুল ও রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি: ২০ ওভারে ১২৪/৯ (ম্যাকনামারা ৩৬,মার্ন ২০; রিপন ৩/২৬, আবু হায়দার ২/২৬)
বিসিবি হাই পারফরম্যান্স দল: ১৬.৪ ওভারে ১২৫/৪ (জিশান ৫০, পারভেজ ২৩; স্মিথ ২/২৯, ইসাম ১/২৫)
ফল: বিসিবি হাই পারফরম্যান্স দল ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জিশান আলম।