প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৪:৪২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ২০:৫৬ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের উল্লাস
নতুন মৌসুমে দারুণ প্রত্যাবর্তন হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের লড়াইয়ে ফিরেই ছড়ালেন দ্যুতি। সতীর্থদের গোলে অবদান রাখলেন। শেষে নিজেও উপহার দিলেন গোল। সিআর সেভেনের ফুটবল জাদুতেই বুধবার রাতে আল তাউনকে ২–০ গোলে হারিয়েছে আল নাসর। দারুণ এ জয়ে সৌদি সুপার কাপের ফাইনালে নাম লিখেছে রোনালদোর দল।
সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই শিরোপাখরায় ভুগছিলেন রোনালদো। মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়ে প্রথম শিরোপা জেতেন গত বছরই। এবার আরও একটি ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ পর্তুগিজ মহাতারকার সামনে। ফাইনালে উঠেই রোনালদো দিলেন চ্যাম্পিয়ন হওয়ার হুংকার। প্রতিপক্ষকে সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সুপার কাপের ফাইনালে আমরা আসছি!’
শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে আল নাসর মোকাবিলা করবে নেইমারের দল আল হিলালকে। সৌদি আরবের সফলতম ক্লাবটি এ আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে বুধবার রাতে সেমিফাইনালের লড়াইয়ের ৮ মিনিটেই লিড নেয় আল নাসর। রোনালদোর পাস থেকে প্রতিপক্ষের জাল কাঁপান আয়মান ইয়াহিয়া।
ম্যাচের ৫৭তম মিনিটে সুলতান আল ঘানামের পাস থেকে বল পেয়ে জালে বল জড়ান রোনালদো। এটি তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ৮৯৬তম গোল।