× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকে গোল আর শিরোপা দুটোই পেলেন এমবাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৪:১২ পিএম

শিরোপা নিয়ে সতীর্থদের সঙ্গে এমবাপের উল্লাস

শিরোপা নিয়ে সতীর্থদের সঙ্গে এমবাপের উল্লাস

কিলিয়ান এমবাপের অভিষেক পর্বটা বেশ রঙিনই হলো। রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন ফরাসি এ সুপারস্টার। স্প্যানিশ জায়ান্টটির হয়ে প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেই পেলেন গোলের দেখা। শুধু কি তাই - ভেসেছেন ট্রফি জয়ের খুশির জোয়ারেও।

উয়েফা সুপার কাপ জিতে নতুন মৌসুমের পথচলা শুরু করেছে চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বুধবার রাতে আতালান্তাকে ২-০ গোলে ধরাশায়ী করে শিরোপা ঘরে তুলেছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এনিয়ে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবারের মতো সুপার কাপ জিতল সান্টিয়াগো বার্নাব্যু শিবির। এর আগে পাঁচবার করে সুপার কাপ জিতে বার্সেলোনা ও এসি মিলানের পাশেই ছিল রিয়াল। এমবাপের সঙ্গে রিয়ালের হয়ে বাকি গোলটি উপহার দেন ফেদে ভালভের্দে।

প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও রিয়াল ঠিক মাঠের লড়াইয়ে জ্বলে উঠতে পারেনি। ভাগ্যের সহায়তাও পায়নি বিন্দুমাত্র। বিরতির বাঁশি বাজার আগে আগে ১০ গজ দূর থেকে নেওয়া রদ্রিগোর শট আঘাত করে ক্রসবারে। 

রিয়াল প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৫৯ মিনিটে। ইউরোপা লিগজয়ী আতালান্তার বিরুদ্ধে ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দে। জয়ের ব্যবধান বাড়ানোর জন্য বেশিক্ষণ অপেক্ষায় করতে হয়নি রিয়ালকে। ম্যাচের ৬৮তম মিনিটে রিয়ালের হয়ে নিজের প্রথম গোল করেন অভিষিক্ত এমবাপে। জুড বেলিংহামের অ্যাসিস্টে জোরালো শটে গোল এনে দেন বিশ্বকাপ জয়ী এ সুপারস্টার।

প্রথম ম্যাচেই শিরোপার স্বাদ। এমবাপে তো বেজায় উচ্ছ্বসিত, ‘দারুণ একটা রাত কাটিয়েছি। এই জার্সি, এই ব্যাজ ও সমর্থকদের জন্য খেলা—অনেক দিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি।’

এমবাপের লক্ষ্য এখন ৫০ গোল নয়, দলের জয় আর উন্নতি, ‘আমরা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, আমার কোনো সীমানা নেই। যদি আমি ৫০ গোল করতে পারি, তাহলে করব। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দল হিসেবে জেতা, উন্নতি করা। কারণ, আমরা দল হিসেবেই জিতব।’

রিয়ালের ডাগআউটে থেকে ১৪তম শিরোপা জিতলেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়ালের কোচ হিসেবে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয়ের কীর্তিতে ভাগ বসিয়েছেন ইতালিয়ান এ ফুটবল গুরু। তার আগে ১৪টি শিরোপা জেতার মাইলফলক গড়েন কোচ মিগুয়েল মুনোজ। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন আনচেলত্তি, ‘এমবাপ্পের অনেক গোল করার সামর্থ্য আছে। আমরা এখন দলের ভারসাম্য খুঁজছি, যেটা আজকে আমরা খুঁজে পাইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা