প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২০:৪৮ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ২১:২১ পিএম
লা লিগা মাঠে গড়াচ্ছে কাল। সংগৃহীত
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলা কবে থেকে শুরু হচ্ছে, এ নিয়ে ফুটবলপ্রেমীদের অপেক্ষার কমতি ছিল না। অবশেষে সুখবর পাচ্ছে তারা। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা। লা লিগার ৯৪তম মৌসুম হতে যাচ্ছে এটি। বৃহস্পতিবার রাতে উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ সান মামেসে গেটাফেকে আতিথেয়তা দেবে অ্যাথলেটিক বিলবাও। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১১টায়। রাত দেড়টায় মুখোমুখি হবে রিয়াল বেটিস ও জিরোনা।
স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে এবার সবচেয়ে বেশি ৫টি ক্লাব খেলবে লা লিগায়। দলগুলো হচ্ছে, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, গেটাফে, লেগানেস ও রায়ো ভায়েকানো। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা লা লিগা মৌসুমে প্রথমবার মুখোমুখি হবে আগামী ২৭ অক্টোবর। এই ম্যাচ হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। বার্সার অস্থায়ী মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে এল ক্লাসিকোর ফিরতি লেগ হবে ২০২৫ সালের ১১ মে। এ ছাড়া মাদ্রিদ ডার্বি (রিয়াল-অ্যাথলেটিকো ম্যাচ) ও বার্সা-অ্যাথলেটিকো ম্যাচগুলোতেও নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
সর্বশেষ লা লিগায় চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা ঘরে তোলে চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। নতুন মৌসুমে আরও শক্তিশালী হয়ে মাঠে নামছে লস ব্ল্যাঙ্কোসরা। বহুল প্রতীক্ষার পর এই মৌসুমেই তারা দলে ভিড়িয়েছে কিলিয়ান এমবাপেকে। ফরাসি ফরোয়ার্ড ছেড়েছেন তার সাবেক ক্লাব পিএসজিকে। ফ্রি এজেন্টেই তাকে পায় রিয়াল। মৌসুমে আগামী ১৯ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। মায়োর্কার ঘরের মাঠে সেদিন আতিথেয়তা নেবে তারা।
এক নজরে লা লিগার টুকিটাকি :
শুরু : ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার
এই মৌসুমে নবাগত : লেগানেস, রিয়াল ভায়াদোলিদ ও এসপানিওল
বাংলাদেশে সম্প্রচারকারী চ্যানেল ও প্ল্যাটফর্ম : স্পোর্টস ১৮, র্যাবিটহোল