প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ২০:১৯ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ২১:৩৪ পিএম
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকেই গুঞ্জনটা চলছিল। বিশ্রামে
যাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
কিন্তু নতুন কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রোহিত
ও কোহলিকে দলে রেখেছিলেন। যদিও সেখানে ঠিকই বিশ্রামে ছিলেন বুমরাহ। তবে বাংলাদেশের
বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রামে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটাররা।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ।
এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সিরিজ
শেষ হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর পাঁচ ম্যাচের
টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন রোহিতরা। সেই দুটি সিরিজকে গুরুত্ব দিতেই বুমরাহ,
কোহলি, রোহিতদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
শ্রীলঙ্কা সিরিজ শেষে আপাতত ভারতের কোনো খেলা নেই। তাই বেশিরভাগ ক্রিকেটারকেই
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুলীপ ট্রফিতে খেলার নির্দেশনা দিয়েছে বিসিসিআই।
অবশ্য কোহলি, রোহিতদের ক্ষেত্রে ‘ফ্রি’ লাইসেন্স দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার।
যার ফলে না চাইলে খেলার প্রয়োজন নেই তাদের। সেক্ষেত্রে লোকেশ রাহুল, ঋষভ পান্ত ও মোহাম্মদ
শামি জাতীয় দলে ফিরতে পারেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে।