প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৭:৫৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ২০:৫৩ পিএম
বয়স ৪১ ছাড়িয়ে ৪২ বছরে তিনি। এ বয়সেও কী দুর্দান্ত জেমস অ্যান্ডারসন। ক্রিকেটের শুভ্র সাদা ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি এ পেসার ইতোমধ্যে অবসরে গেছেন। যদিও ফের টি-টোয়েন্টিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। অথচ ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ইংল্যান্ড পেসার সবশেষ মাঠে নেমেছিলেন ১০ বছর আগে। ২০১৪ সালে টি-টোয়েন্টি ব্ল্যাস্টে ফাইনাল খেলেছিলেন অ্যান্ডারসন।
বর্তমানে ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন অ্যান্ডারসন। তার চাকরির মেয়াদ পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত বাড়লেও ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ ও দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি খেলার সময় পাবেন অ্যান্ডারসন। তিনি বলেছেন, ‘আমার শরীর এখনও নিজেকে ৪২ বছর বয়সি মনে করতে শুরু করেনি। আমি টেনিস কোর্ট দাবড়ে বেড়াব, আশা করছি পরের পাঁচ বছরেও বার্নলি সিসির হয়ে মাঠে দৌড়ঝাঁপ করব। শরীরটা একদম নিশ্চল হওয়া পর্যন্ত থামাথামি নেই। আর এ কারণেই আমি চালিয়ে যেতে চাই। আমি মনে করি, জোরে বল করার ক্ষমতা আমার আছে। এই সক্ষমতা যত দিন থাকবে, কেন ব্যবহার করব না।’
অ্যান্ডারসনকে মূলত টি-টোয়েন্টিতে ফেরার উৎসাহ জুগিয়েছে ১০০ বলের ক্রিকেট ‘দ্য হানড্রেড’। তিনি বলেছেন, ‘আমি হানড্রেড দেখেছি, সেখানে দেখলাম প্রথম ২০ বলে বল অনেক সুইং করে। আমি মনে করি, আমি তো এটা করতে পারি, আমি এখনও এ রকম করতে পারি।’