প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৩:১২ পিএম
বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে রাখেন বড় অবদান। ব্রাজিলিয়ান তারকা আছেন এবারের ব্যালন ডি'অর জয়ের দৌড়েও। তাই দলবদলের মৌসুমে এই ফরোয়ার্ডের দিকে চোখ অনেক ক্লাবেরই। অবশ্য এই মুহূর্তে রিয়ালের মতো ক্লাব ছাড়তে রাজি নন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডও।
এদিকে ক্রীড়াভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভিনিসিয়ুসকে নিজ দেশের ক্লাবে কেনার চেষ্টা করছে সৌদি আরব। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতিনিধিরা দলবদলের ব্যাপারে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেছেন। তবে এরই মধ্যে নাকি সৌদির বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই তারকা ফুটবলার।
বিগত কয়েক বছর ধরেই বিশ্বের নামী ফুটবলারদের ব্যাপক অর্থ দিয়ে নিজেদের লিগে টেনে নিয়েছে সৌদি আরবের ক্লাবগুলো। সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে এমন দলবদল। কিন্তু এরপরেও থামছে সৌদি ক্লাবগুলো। ২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে দেশটি। তার আগে নিজেদের ব্র্যান্ডভ্যালু আরও বাড়িয়ে নিতে মরিয়া তারা। সেই সুবাদেই এবার হাত বাড়িয়েছে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের দিকে।
রিয়াল মাদ্রিদের এই তারকার জন্য ৫ বছরে ১ বিলিয়ন ডলারের বিশাল এই প্রস্তাব নিয়ে হাজির হয়েছে সৌদি ক্লাব আল-আহলি। শুধু ফুটবলেই না, ভিনিসিয়ুসকে আর্থিক-সামাজিক আরও বিভিন্ন দিক থেকেই লোভনীয় সব প্রস্তাবনা দিয়ে রেখেছে ক্লাবটি। একেবারেই প্রাথমিক পর্যায়ে হলেও এরইমাঝে আল-আহলির এই প্রস্তাবে নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদও।
সবশেষ গত বছরই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ আছে এই চুক্তির। চলতি বছর ১৩ মিলিয়ন ইউরো বেতন হিসেবে পাবেন তিনি। পরের বছর থেকে ২০২৭ সাল পর্যন্ত ৪৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন ভিনিসিয়ুস। সৌদি ক্লাবের প্রস্তাবে এই বেতনের চেয়ে ১৩ গুণ বেশি অর্থ পাবেন ভিনিসিয়ুস।
এখানেই শেষ না। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে আরও বেশকিছু লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছে ভিনিসিয়ুসকে। যার মধ্যে আছে ২০২৯ সালে নিজের ইচ্ছেমতো ক্লাবে যেতে পারবেন। যার অর্থ, চাইলেই যেকোনো ইউরোপিয়ান ক্লাবেও দেখা যাবে ভিনিসিয়ুসকে। এমনকি ৫ বছর পর ক্লাব ছাড়লেও ভিনিসিয়ুসকে দেখা যাবে ২০৩৪ বিশ্বকাপের দূত হিসেবে।