প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১২:২৪ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১২:৪৩ পিএম
ম্যানচেষ্টার সিটি ছাড়ছেন হুলিয়ান আলভারেজ। গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল। আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড সিটিজেনদের হয়ে সাফল্যমণ্ডিত দুই বছরে পথচলাটা থামিয়েই দিলেন। ইংলিশ ক্লাবটি ছেড়ে আলভারেজ ৬ বছরের চুক্তিতে যোগ দিলেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে।
সোমবার (১২ আগস্ট) তাকে দলে টানার খবর সামাজিকম মাধ্যমে এক বিবৃতিতে নিশ্চিত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। স্প্যাইডারম্যানের একটি ছবি দিয়ে নিজেদের এক্সে মাদ্রিদের ক্লাবটি লিখেছে, ‘দুঃখিত, ডিজাইনার বর্তমানে ছুটিতে আছে।’ আলভারেজের ডাক নাম ‘লিটল স্প্যাইডার’ বলেই এমন কার্টুন তৈরি করেছে কোচ ডিয়েগো সিমিওনের ক্লাব।
অবশ্য আলভারেজকে কত মূল্যে দলে নিয়েছে তা তাদের বিবৃতিতে জানায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৪ বছর বয়সি এই আর্জেন্টাইনের জন্য মাদ্রিদের ক্লাবটি খরচ করেছে বোনাসসহ বাংলাদেশি মুদ্রায় ১২১৫ কোটি টাকা। সিটির কোনো খেলোয়াড় বিক্রির দামের রেকর্ড এটি। এর আগে চেলসির কাছে ২০২২ সালে রাহিম স্টার্লিংকে বাংলাদেশি মুদ্রায় ৭৫০ কোটি টাকায় বিক্রি করেছিল সিটি।
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আলভারেজ। সিটির হয়ে অভিষেক মৌসুমে তো ট্রেবল জয়ের স্বাদও পেয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এ সময় সিটিজেনদের হয়ে ১০৩ ম্যাচ খেলে গোল করেছেন ৩৬টি। সব মিলিয়ে ইতিহাদ স্টেডিয়ামের দলটির জার্সিতে দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন।
ম্যানসিটি ছাড়লেও সিটি সব সময় হৃদয়ের বিশেষ জায়গায় থাকবে বলে জানিয়েছেন আলভারেজ। তিনি বলেছেন, ‘প্রচুর আবেগ নিয়ে অবিশ্বাস্য ক্লাবকে আজ বিদায় জানাচ্ছি। দুই বছর আমার জন্য বিশেষ কিছু ছিল। এই সময় আমি একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে বেড়ে উঠেছি এবং প্রচুর শিখেছি।’
সিটিতে ম্যাচ কম খেলার সুযোগ পাওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন আলভারেজ। মূলত মোরাতার এসি মিলানে যোগ দেয়ার পর থেকেই একজন সেন্টার ফরোয়ার্ডের খোঁজে ছিল আতলেটিকো। এরই মধ্যে ভিয়ারিয়াল থেকে আলেকজান্ডার সোরলোথকে দলে টেনেছে তারা। এবার আরেক স্ট্রাইকারকে দলে নিল স্প্যানিশ ক্লাবটি।