× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সালাউদ্দিন কেন পদত্যাগ করছেন না’

রুবেল রেহান

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৮:৪২ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৮:৪৪ পিএম

গত শনিবার মতিঝিলে অবস্থিত সোনালী অতীত ক্লাবের মাঠে দাঁড়িয়ে প্রতিদিনের বাংলাদেশকে সাক্ষাৎকার দিয়েছেন কিংবদন্তি সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। ছবি : আ. ই. আলীম

গত শনিবার মতিঝিলে অবস্থিত সোনালী অতীত ক্লাবের মাঠে দাঁড়িয়ে প্রতিদিনের বাংলাদেশকে সাক্ষাৎকার দিয়েছেন কিংবদন্তি সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। ছবি : আ. ই. আলীম

কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এক নতুন দিনের সূচনা দেখেছে বাংলাদেশ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৬ বছর বয়সি আসিফের দায়িত্ব পাওয়ায় নতুন করে আশাবাদী হচ্ছেন ক্রীড়াসংশ্লিষ্টরা। বিশেষ করে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) জেঁকে বসা দীর্ঘদিনের অনিয়ম, বিশৃঙ্খলা সর্বোপরি দূর হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। এসব বিষয় নিয়েই প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম।

প্রবা : ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের কাছে আপনার প্রত্যাশা কী?

শেখ মোহাম্মদ আসলাম : নতুনদের কাছে তো আমাদের নতুন নতুন চাওয়া-পাওয়া থাকবে। এই ডিজিটাল যুগে নতুনের কোনো সীমা নেই। এই অসীম পরিধিতে উনার কাছে আমাদের অনেক কিছু চাওয়ার আছে। উনার মাধ্যমে ক্রীড়াঙ্গনকে আমরা ঢেলে সাজাতে চাই। ক্রীড়াঙ্গনের হাল-হকিকত এগুলো উনার একটু জানার দরকার। প্রতিদিনের বাংলাদেশের মাধ্যমে আমি উনাকে আহ্বান জানাতে চাই যেÑ ক্রীড়াঙ্গনটাকে যেন নখদর্পণে নেন। এখানকার যে বেহাল অবস্থা, সেটা উনাকে আগে জানতে হবে এবং এখান থেকে উত্তরণের উপায় কী, সেটাও বের করতে হবে। এককথায় ক্রীড়াঙ্গনের সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। 

প্রবা : বেহাল অবস্থা যখন বললেন, আপনি যখন বাফুফের কমিটিতে ছিলেন তখন হঠাৎ কেন পদত্যাগ (২০২৬ সালে) করলেন, ফেডারেশনে বেহাল অবস্থাই কি পদত্যাগের কারণ ছিল?

শেখ মোহাম্মদ আসলাম : কমিটিতে থেকেও যখন কেউ কাজের স্বাধীনতা না পায় এবং কারও যখন হাত-পা বেঁধে দেয়, তখন তার পদত্যাগ করা ছাড়া উপায় কী? আসলে উনি ( কাজী সালাউদ্দিন) একটা সিন্ডিকেটের মতো করে ফেলেছিলেন ওখানে (বাফুফে)। যেটা ক্রীড়াঙ্গনে হওয়া উচিত নয়। স্পোর্টস একটা উন্মুক্ত ফ্রেস অক্সিজেনে বাঁচতে চায়। সেই জায়গায় কাজ করতে গিয়ে আমি পারিনি এবং হাত-পা বাঁধা ছিল বিধায় উনার ওই কমিটি থেকে পদত্যাগ করি। আমি মনে করি, ক্রীড়াঙ্গনে স্বেচ্ছাচারিতা শোভা পায় না।

প্রবা : বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে অনেক কথাই শোনা যায়, ফেডারেশনে অন্যদের অনিয়ম ও দুর্নীতির ঢাল হয়েছেন তিনি। ফিফা থেকে বিভিন্ন সময় নিষেধাজ্ঞাও পেয়েছেন তার কমিটির বেশ কয়েকজন। এ ছাড়া নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে নিয়েও প্রশ্ন উঠেছে নানা সময়। 

শেখ মোহাম্মদ আসলাম : হ্যাঁ, কয়েক দিন আগেই পদত্যাগ করলেন সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। যদিও তার আরও আগেই পদত্যাগ করা উচিত ছিল। আর বাফুফেতে তার (সালাউদ্দিন) গ্যাং নিয়ে কী বলব… যুবসমাজকে নিয়ে, সমর্থকদের নিয়ে ওখানে বসে (বাফুফে) এত দিন ছিনিমিনি খেলা উনার উচিত হয়নি। উনি যে কমিটির অন্যদের অন্যায়, দুর্নীতি ঢাল হয়ে সামলেছেন, আমি বলব এটাই তো বড় অপরাধ।

প্রবা : ফুটবল আল্ট্রাস নামের একটি সমর্থক গোষ্ঠী কাজী সালাউদ্দিনসহ আরও কয়েকজনের পদত্যাগ চেয়ে আল্টিমেটাম দিয়েছে। তাতে কর্ণপাত না করায় রবিবার তারা ‘লং মার্চ টু বাফুফে’ কর্মসূচি ঘোষণা করেছে, এটিকে কীভাবে দেখছেন?

শেখ মোহাম্মদ আসলাম : তিনি এখনও কেন পদত্যাগ করছেন না, এটিই তো বুঝতে পারছি না। খেলোয়াড় থাকাকালে আমি তাকে কলিগ হিসেবে পেয়েছি। তিনি নিঃসন্দেহে দুর্দান্ত ও কিংবদন্তি খেলোয়াড়। আমি বলব উনি যথেষ্ট সম্মানিত মানুষ; সম্মান রেখেই উনার চলে যাওয়া উচিত। কিন্তু উনার মনটা যে এত ছোট সেটা আমার বুঝে আসে না; এমন মানুষ আমি দেখিনি। অনেক তো হয়েছে। আর কত দিন উনি ফেডারেশনে বোঝা হয়ে থাকবেন আমি জানি না। তারপরও আশা করি, উনার বোধোদয় হবে, উনি পদত্যাগ করবেন। 

প্রবা : ধরা যাক কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি থেকে পদত্যাগ করলেন, তবে ভবিষ্যতে এই পদে কাকে দেখছেন? 

শেখ মোহাম্মদ আসলাম : যারা দায়িত্ব নেবেন আশা করি তারা এ বিষয়ে ভাববেন। সঠিক লোককে তারা অবশ্যই খুঁজে বের করবেন। তবে আমার মনে হয়, রুহুল আমীন তরফদার এই পদের জন্য যোগ্য ব্যক্তি। হয়তো আরও অনেকই আছে, এই মুহূর্তে যাদের নাম মনে আসছে না।

প্রবা : বাফুফে সভাপতি পদে আপনার নির্বাচনে আসার সুযোগ কিংবা ইচ্ছা আছে কি না?

শেখ মোহাম্মদ আসলাম : যদি মানুষ আমাকে চায়, পরিস্থিতি সে রকম দাঁড়ায়, দেখা যাক কী হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা