প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৬:০০ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৬:১৫ পিএম
লম্বা সময় হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। ছুরি-কাঁচির নিচেও যেতে হয়েছিল তাকে। নিজ কন্ডিশনের কথা ভেবে খেলেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ প্রতিক্ষার পর সুস্থ হয়ে ফেরেন বেন স্টোকস। তবে আবারও শঙ্কা তৈরি হয়েছে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ককে ঘিরে। রবিবার ১০০ বলের ক্রিকেটে ইনজুরিতে পড়েছেন স্টোকস। ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় হাঁটুতে চোট পান তিনি। ফলে শ্রীলঙ্কা সিরিজে তার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল।
১৫৩ রানের লক্ষ্যে গতকাল ব্যাটিং করছিল সুপারচার্জার্স। ওপেনিংয়ে নামা স্টোকস দ্রুত একটা সিঙ্গেল নেওয়ার পর টান খেয়ে থেমে যান। পরে দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে দেখা যায় স্টোকসকে। সুপারচার্জার্সের একজন মুখপাত্র বলেছেন, ‘বেন স্টোকসের হ্যামস্ট্রিং পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল (আজ) আরও আপডেট জানানো যাবে।’
এবারের হানড্রেডে প্রাথমিকভাবে চারটি গ্রুপ পর্বের ম্যাচ খেলার কথা ছিল স্টোকসের। গতকাল ছিল তার তৃতীয় ম্যাচ। মঙ্গলবার গ্রুপ পর্বে সুপারচার্জার্সের শেষ ম্যাচ, যেটি নিশ্চিতভাবেই স্টোকসের খেলা হচ্ছে না।