প্যারিস অলিম্পিক ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ২১:২৬ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ২২:২৬ পিএম
সংঘর্ষ, খাবারে পোকা, সিন নদীর দূষণ, প্যারিস অলিম্পিক
এমনই বেশকিছু বিতর্কের সাক্ষী। সে তালিকায় এবার যুক্ত হয়েছে মেডেল বিতর্ক। যুক্তরাষ্ট্রের
স্কেটবোর্ডিং খেলোয়াড় নাইজাহ হিউস্টনের দাবি, তিনি যে ব্রোঞ্জ পদক জিতেছেন তার রঙ বদলাতে
শুরু করেছে।
পদকের রঙ বদলে যাওয়া নিয়ে সামাজিকমাধ্যমে নাইজাহ লিখেছেন,
‘যখন পদকটি দেওয়া হয়েছিল, এটি চকচকে ছিল। কিন্তু আমার ঘর্মাক্ত ত্বকের স্পর্শ এবং বন্ধুদের
গলায় ঝুলে থাকার ফলে এটির রঙ বদলে গেছে। মনে হচ্ছে, এতে যথাযথ মান রক্ষা করা হয়নি।
অলিম্পিক মেডেল, তুমি হয়তো মানটা আরও বাড়িয়ে নিতে পারতে!’ আরেক পোস্টে নাইজাহ মজা করে
লিখেছেন, ‘এই পদক দেখে মনে হচ্ছে, এটি যুদ্ধে গিয়েছিল, সেখান থেকেই ফিরেছে।’
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে, আইফেল টাওয়ার
যে লোহায় বানানো তার ছোট একটি অংশ ব্যবহার হয়েছে প্যারিস অলিম্পিকের মেডেলে। গোল্ড
মেডেলের বেশিরভাগ জুড়েই সিলভার-গোল্ডের মিশ্রণ। কপার, জিঙ্ক ও টিনের সমন্বয়ে গড়া ব্রোঞ্জ
মেডেল। সঙ্গে অক্সিজেনের নির্দিষ্ট মাত্রার ব্যাপারও থাকে, সেটি রক্ষা না হওয়ায় নাইজাহর
মেডেলটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে সেটি নির্ভর করছে এতে ব্যবহৃত উপাদানগুলোয়
কতটা মান রক্ষা হয়েছে তার ওপর।