প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ২২:২৫ পিএম
থিস ফন ডাম ও তার প্রেমিকা পিয়েন স্যান্ডার্স
অলিম্পিকে মজার অনেক ঘটনাই ঘটে। প্যারিসে তার কোনো ব্যত্যয় ঘটেনি। তাতে যোগ হলো আরও একটি নতুন কাহিনী। নেদারল্যান্ডসের হয়ে হকিতে স্বর্ণ জিতে নিয়েছেন প্রেমিক–প্রেমিকা। গত শুক্রবার পুরুষ দলের হয়ে সোনা জেতেন থিস ফন ডাম। ২৪ ঘণ্টা না যেতেই এবার স্বর্ণপদক পেলেন ফন ডামের প্রেমিকা নেদারল্যান্ডসের নারী হকি দলের সদস্য পিয়েন স্যান্ডার্স। সেরা হওয়ার লড়াইয়ে দুজনে পেনাল্টি শুটআউটে গোলেরও দেখা পেয়েছেন।
নারীদের বিশ্বকাপ হকিতে টানা দুবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। এবার অলিম্পিকেও টানা দ্বিতীয়বার সেরা হলো তারা। প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জিতল ডাচ কন্যারা। গতকাল শনিবার ফাইনালে অবশ্য পিছিয়েই পড়েছিল। কিন্তু দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখে নেদারল্যান্ডসের নারী হকি দল। এশিয়ান প্রতিপক্ষ চীনের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে ৩-১ গোলে জিতেছে ইউরোপের দলটি। নির্ধারিত সময়ে স্বর্ণপদক নির্ধারণী ম্যাচ ছিল ১–১ গোলে অমীমাংসিত।
তার আগে গত শুক্রবার পুরুষদের ফাইনালেও জয়ের হাসি হেসেছে নেদারল্যান্ডস। জার্মানিকে পেনাল্টি শুটআউটে সমান ব্যবধানে ধরাশায়ী করে স্বর্ণ জেতে ডাচ ছেলেরা। অলিম্পিক ইতিহাসে এক আসরে প্রথম দেশ হিসেবে হকির নারী ও পুরুষ দুটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেদারল্যান্ডস।