প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ২০:৫২ পিএম
টানা ১৩৭ লড়াই জিতে সোনার পদক জিতেছেন আকারি ফুজিনামি। সংগৃহীত ছবি
২০ বছর বয়সেই বিশ্ব ক্রীড়াঙ্গনে অনন্য কীর্তি গড়েছেন আকারি ফুজিনামি।
মেয়েদের কুস্তির ইতিহাসে বিরাট এক মাইলফলক স্থাপন করেছেন জাপানিজ এই কুস্তিগির। ফ্রিস্টাইল
কুস্তির ৫৩ কেজি ওজন শ্রেণির শ্রেষ্ঠত্ব ফুজিনামির। টানা ১৩৭ লড়াই জিতে শুক্রবার প্যারিস
অলিম্পিকে সোনা জিতেছেন তিনি।
এর আগে টানা ১৩০ লড়াই জিতে ফ্রান্সে পা রেখেছিলেন ফুজিনামি। ক্যারিয়ারের প্রথম অলিম্পিকে সাফল্যের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ করেছেন তিনি। ফাইনালে ইকুয়েডরের লুসিয়া ইয়েপেস গুজমানকে সোনার লড়াইয়ে এক অর্থে দাঁড়াতেই দেননি ফুজিনামি। প্রবল আধিপত্য দেখিয়ে লড়াই জিতেছেন ১০-০ পয়েন্টের ব্যবধানে। অলিম্পিকে নামার আগে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানিজ এই কুস্তিগির। প্যারিসেও তিনি ফেভারিট ছিলেন।
তবে অলিম্পিকের মতো বিশাল মঞ্চে
আগে কখনও না খেলায় কিছুটা দুশ্চিন্তা তার ছিল। সেটি কাটিয়ে সোনা জয়ের পর এই জাপানিজ
তরুণী বলেছেন, ‘আমি আমার রেকর্ডের দিকে খুব একটা নজর দেইনি। আমি শুধু শক্তিশালী থাকতে
চেয়েছি।অলিম্পিক চ্যাম্পিয়ন হতে কঠোর পরিশ্রম করেছি। প্রায় সময়ই অলিম্পিক মঞ্চে
অঘটন দেখা যায়, যদিও আমি খুব বেশি বিচলিত ছিলাম না। সময় এখন উপভোগের। এখন মজাদার সব
খাবার খেতে পারব।’