× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক ২০২৪

অন্তিমলগ্নেও যুক্তরাষ্ট্র-চীনের দাপট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১২:২২ পিএম

অন্তিমলগ্নেও যুক্তরাষ্ট্র-চীনের দাপট

২০২৪ প্যারিস অলিম্পিক অন্তিমলগ্নে। গত মাসের ২৬ জুলাই শুরু হওয়া আসরের পর্দা নামবে চলতি মাসের ১২ তারিখ। এবারের আসরে ৩২৯টি ইভেন্টের জন্য প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেট অংশ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পদকের দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের হাড্ডাহাড্ডি লড়াই দৃশ্যমান। মার্কিনিদের অর্জনে সোনার পদক ২৭টি, চীনের ২৬টি ও অস্ট্রেলিয়ার ১৮টি। সব মিলিয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে আমেরিকার পদক ৯৫টি, চীনের ৬৭টি ও অজিদের ৪৩টি।

গত পরশু ও গতকাল সোনা জিতেছে চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। আসরে প্রথমবার সোনার পদক জিতেছে থাইল্যান্ড, বাহরাইন ও জ্যামাইকা।

গত পরশু ছেলেদের দলীয় আর্টিস্টিক সাঁতারে সোনা অর্জন করে চীন। ৯৯৬.১৩৮৯ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে দেশটি। ৯১৪.৩৪২১ পয়েন্ট নিয়ে রুপা যায় যুক্তরাষ্ট্র শিবিরে। গত ২০ বছরে এই ইভেন্টে প্রথম পদক তাদের। ব্রোঞ্জ স্পেনের। একই দিনে নারীদের ৪৯ কেজি ভার উত্তোলনে সোনা জিতে চীন। হুয়াউ ঝিইহুই, রুপা জিতেছেন মিহায়েলা ভ্যালেন্টিনা ক্যাম্বেল ও ব্রোঞ্জ জিতেছেন সুরুদছানা খামবাও।

গতকাল ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে যুক্তরাষ্ট্র। কুইন্সি হল নিজেকে এবং দেশকে আরেকটি সোনা এনে দেন। তার ব্যক্তিগত সেরা টাইমিং (৪৩.৪০ সেকেন্ড) যেটা ইতিহাসের পঞ্চম দ্রুততমও। ৪৩.৪৪ সেকেন্ডে রুপাজয়ী ব্রিটেনের ম্যাথু হাডসন-স্মিথ। ইউরোপিয়ান রেকর্ড গড়েও সোনা জেতা হলো না তার। জাম্বিয়ার মুজলা সামুকোঙ্গা জিতেছেন ব্রোঞ্জ। তার টাইমিং ৪৩.৭৪ সেকেন্ড।

গতকাল নারীদের ১০ কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের প্রতিযোগী শ্যারন ভান রোয়েন্ডাল। দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন। ব্রোঞ্জ জিতেছেন ইতালির গিনেভারা ট্যাডেচ্চি। শ্যারনের টাইমিং ছিল ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। একই দিনে বাহরাইনকে প্রথম সোনা এনে দিলেন উইনফ্রেড ইয়াভি। ২৪ বছর বয়সি ইয়াভি বাধাবিপত্তি টপকে ৩ হাজার মিটারের দৌড় শেষ করেন ৮ মিনিট ৫২.৭৬ সেকেন্ডে। অলিম্পিকে এটি নতুন রেকর্ড। আগের রেকর্ড বেইজিং অলিম্পিকে রুশ অ্যাথলেট গুলনারা গালকিনার (৮ মিনিট ৫৮.৮১ সেকেন্ড)। ইয়াভি নতুন রেকর্ড গড়ার পথে পেছনে ফেলেছেন এই ইভেন্টের বর্তমান বিশ্বরেকর্ডের মালিক কেনিয়ার ফেইথ চেরোটিচ (ব্রোঞ্জ) এবং উগান্ডার পেরুথ চেমুতাইকে (রুপা)।

এ সময়ের মধ্যে ডিসকাস থ্রোয়ে সোনা জিতেছেন জ্যামাইকার মাইকোলাস আলেকনা। দ্বিতীয় থ্রোয়ে ৬৯.৯৭ মিটার দূরত্ব পার করেছেন তিনি। এই ইভেন্টে বর্তমান বিশ্বরেকর্ডও মাইকোলাসের। তার ভাই মার্তিনাস আলেকনাও ডিসকাস থ্রোয়ার। ১৫ বছর বয়সে লিথুয়ানিয়ান অনূর্ধ্ব-১৮ জিতেছিলেন মার্তিনাস। বোন গ্যাব্রিয়েলে আলেকনাইতে অবশ্য ওসব ছোড়াছুড়ির পথে হাঁটেননি। তিনি লং জাম্পার। পরিবারেই থাকল অলিম্পিক রেকর্ড!

গতকাল মেয়েদের পোল ভল্টে চ্যাম্পিয়ন হয়েছেন নিনা কেনেডি। মেয়েদের পোল ভল্টে প্রথম অলিম্পিক সোনার পদক অস্ট্রেলিয়ার। সব মিলিয়ে দেশটির সোনা ১৮টি। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে যৌথভাবে এই চ্যাম্পিয়ন হয়েছিলেন অস্ট্রেলিয়ার নিনা কেনেডি এবং যুক্তরাষ্ট্রের কেটি মুন। কিন্তু প্যারিসে সোনার পদকটি একাই জিতলেন নিনা। ৪.৯০ মিটার উচ্চতা টপকেছেন। ৪.৮৫ মিটার উচ্চতা টপকে রুপা মুনের। ব্রোঞ্জ কানাডার আলিশা নিউম্যানের। এ ছাড়া তায়কোয়ান্দো ডিসিপ্লিনে প্রথম সোনা জিতেছে থাইল্যান্ড। মেয়েদের ৪৯ কেজির লড়াইয়ে সোনার পদক ধরে রাখলেন পানিপাক ওংপাত্তানাকিত। যেকোনো খেলায় থাইল্যান্ডের প্রথম ক্রীড়াবিদ হিসেবে দুবার অলিম্পিক চ্যাম্পিয়ন হলেন পানিপাক। ফাইনালে তার কাছে ২-১ ব্যবধানে হেরে রুপা জিতেছেন চীনের গুয়ো কিং। ব্রোঞ্জ জিতেছেন যৌথভাবে ইরানের মবিনা নেমাতজাদেহ ও ক্রোয়েশিয়ার লেনা স্টয়কোভিচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা