প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১৩:১১ পিএম
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। সংগৃহীত ছবি
শেষ পর্যন্ত ইংলিশ ফুটবলকে না বলে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। সবশেষ মৌসুমে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ছেড়ে এই ফরওয়ার্ড পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ ফুটবলে। এবার নতুন ঠিকানা লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৭৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে মাদ্রিদে নাম লেখালেন আলভারেজ। স্প্যানিশ ক্লাবটি ৫৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব রেখেছিল ম্যানসিটির কাছে। কিন্তু তাদের প্রস্তাব নাকচ করে দেয় সিটিজেনরা। এরপর আলভারেজের জন্য কুড়ি মিলিয়ন ইউরোর বাড়তি প্রস্তাব রাখে স্প্যানিশ জায়ান্টরা। সেই প্রস্তাব গ্রহণ করে গতবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজেতা ম্যানচেস্টার সিটি।
এই দলবদলে রেকর্ড গড়তে যাচ্ছেন আলভারেজ। ম্যানসিটি তাদের ইতিহাসে এতো দামে কখনও কোনো খেলোয়াড় বিক্রি করেনি। বর্তমানে সবচেয়ে বেশি মূল্যে ম্যানসিটি ছেড়ে যাওয়ার রেকর্ডটি আছে রহিম স্টার্লিংয়ের দখলে। ২০২২ সালে ৫৮ মিলিয়ন ইউরোর চুক্তিতে ইতিহাদ ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন ইংলিশ ফরওয়ার্ড।
২০২৩-২৪ মৌসুম শেষ হওয়ার পর ছুটি ছিলেন আলভারেজ। এরমধ্যে খেলেছেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা। পরে যোগ দেন প্যারিস অলিম্পিকে। এরপর আর ম্যানচেস্টার সিটিতে ফেরেননি। অলিম্পিকের পর নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন বলে জানিয়েছিলেন আলভারেজ। সেটি এবার প্রকাশ্যে এলো।
১৬ দশমিক ৪ মিলিয়ন ইউরোর বিনিমিয়ে ২০২২ সালে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলভারেজ। সিটিজেনদের হয়ে ১০৬ ম্যাচে ৩৬টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী ফরওয়ার্ড। প্রথম বছর খুব বেশি সুযোগ না পেলেও গত মৌসুমে সিটির একাদশের নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন আলভারেজ।
পেশাদার ফুটবলে দলীয়ভাবে সম্ভাব্য সবকিছুই জিতেছেন আলভারেজ। ম্যানচেস্টার সিটির জার্সিতে দুই বছরের অধ্যায়ে ত্রিমুকুটসহ মোট ছয়টি শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। এর মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ ও একটি ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি আছে।
আলভারেজের উত্থান আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে। ২০১৮ সালে স্বদেশি এই ক্লাবের জার্সিতেই পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। আর্জেন্টাইন ঘরোয়া ক্লাব ফুটবলে চার বছর সময় কেটেছে এই ফরওয়ার্ডের। দু্ই বছর আগে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আলভারেজ।