প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ২০:৩৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ২০:৩৭ পিএম
দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন। সংগৃহীত ছবি
জমে উঠেছে প্যারিস অলিম্পিকে পদকের লড়াই। একই সময়ে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশের ক্রীড়াবিদরা। তারা মঙ্গলবার সকালে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে আবার গেমস ভিলেজে ফিরে গেছেন। সকালে ঢাকার উদ্দেশে প্যারিস ছাড়ার কথা ছিল দুই সাঁতারু সোনিয়া খাতুন, সামিউল ইসলাম রাফি, আর্চারর সাগর ইসলাম, আর্চারির দুই কোচ মার্টিন-হাসান ও সাঁতারের কোচ আব্দুল হামিদের। ফ্রান্সের সময় সকাল নয়টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট ছিল তাদের। তাই বাংলাদেশ কন্টিনজেন্ট ভোরে ভিলেজ ছেড়েছিল। ঢাকার ফ্লাইট বন্ধ থাকায় আবার ভিলেজে ফিরে গেছেন তারা।
বাংলাদেশে চলমান অস্থিরতায় গতকাল সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘন্টা স্থগিত ছিল। এতে অনেক এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করে। কাতার এয়ারওয়েজ মঙ্গলবার সময় সকাল নয়টায় প্যারিস ছাড়লেও ট্রানজিট স্থল দোহা থেকে ঢাকা ফ্লাইট না থাকায় মুলত বাংলাদেশের যাওয়া হয়নি। সাঁতার-আর্চাররা দেশে ফিরতে না পারলেও স্প্রিন্টার ইমরানুর রহমানের গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে না।
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর বসবাস করেন ইংল্যান্ডে। প্যারিস থেকে ইংল্যান্ড যাচ্ছেন তিনি। এবারের প্যারিস অলিম্পিকে বাংলাদেশের অংশ নিয়েছেন পাঁচ জন ক্রীড়াবিদ। ৪ আগস্ট সবার আগে প্যারিস ছেড়েছেন শুটার রবিউল ইসলাম। তার সঙ্গে ছিলেন শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ ও বিওএ কর্মকর্তা নজীব আহমেদ। সাধারণত শেফ দ্য মিশন সবার শেষে যান। ৫ আগস্ট শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার গ্রহণের জন্য তিনি বাংলাদেশের খেলা শেষ হওয়ার পরের দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা হন।