প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ২০:৩০ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ২০:৩১ পিএম
তিন দলের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নর্দার্ন টেরিটরিকে হারিয়ে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে এইচপিরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। চরম ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান শাহিনসের কাছে ৮ উইকেটের হেরেছে লাল-সবুজের দল।
মঙ্গলবার (৬ আগস্ট) ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৪.৩ ওভারে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায়
বিসিবি এইচপি। জবাবে ২ উইকেট হারালেও ৩৩ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান শাহিনস।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানের মধ্যেই
টপ অর্ডারের ৫ উইকেট হারায় এইচপি। তানজিদ হাসান তামিম (৪), জিশান আলম (০), অধিনায়ক
আফিফ হোসেন ধ্রুব (৫), আকবর আলী (১) দ্রুত বিদায় নিলে চরম বিপর্যয়ে পড়ে যায়। পারভেজ
হোসেন ইমন (১৯), শামীম পাটোয়ারী (১৩) ও মাহফুজুর রহমান রাব্বির (১২) লড়াইয়ের আভাস দিলেও
৭৮ রানের বেশি করতে পারেনি এইচপি।
এরপর পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা
ফারহান (০) এবং আব্দুল ফাসেহকে (১২) দ্রুতই আউট করে বোলিংয়ে ভালো শুরুর আভাস দিয়েছিলেন
রিপন মন্ডল। কিন্তু পাকিস্তানের সহজ জয় নিশ্চিত করেন উসমান খান (৩৯*) এবং তৈয়ব তাহির
(১৭*)। ২২ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন পাকিস্তানের পেসার ইমরান
জুনিয়র।