কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১২:৪৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ১৩:১৩ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ফর্মহীনতায় ভুগছিলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মেজর লিগের পর টাইগার অলরাউন্ডার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও আলো ছড়াতে ব্যর্থ হচ্ছিলেন। তাই অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলছিলেন। অবশেষে লম্বা সময় পর ব্যাটে-বলে নিজের জাত চেনালেন সাকিব। অলরাউন্ড নৈপুণ্যে বাংলা টাইগার্স মিসিসাগাকে জিতিয়ে হন ম্যাচসেরা।
সোমবার (৫ আগস্ট) ব্রাম্পটনে ১৮ ওভারের ম্যাচে টস জিতে সারে জাগুয়ার্সকে ব্যাটিংয়ে পাঠান বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক সাকিব। আগে ব্যাটিং করে নির্ধারিত সময়ে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৮ রান করে সারে জাগুয়ার্স; যা ৩ বল বাকি থাকতে টপকে যায় বাংলা টাইগার্স। ব্যাট হাতে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন সাকিব। এর আগে বল হাতেও নিয়েছেন ২৪ রানে ১ উইকেট।
গতকালের ম্যাচের আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এ মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ইনিংস ব্যাটিং করে মোটে ৩৬ রান করেছিলেন সাকিব। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৪, গত ৩০ জুলাই টরন্টোর বিপক্ষে। বাকি চার ইনিংসের একটিতেও ৫ রানও করতে পারেননি। বল হাতেও নিজের পুরোনো ছন্দ ধীরে ধীরে ফিরে পাচ্ছেন সাকিব। এ টুর্নামেন্টে পাঁচ ম্যাচে উইকেট পেয়েছেন ৭টি।
সাকিবের মতো বল দারুণ করছেন শরিফুলও। টাইগার এ পেসার প্রথম দুই ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করে দিয়েছিলেন ২৮ রান। তৃতীয় ম্যাচে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে কিছুটা খরুচে ছিলেন। ৪ ওভারে দিয়েছিলেন ৩১ রান। এরপর সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। ব্রাম্পটনের বিপক্ষে আগের ম্যাচে ৩ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।
তবে কাল সারে জাগুয়ার্সের বিপক্ষে আবার দারুণ বোলিং করেছেন শরিফুল। ২৪ রানে শিকার করেছেন ১ উইকেট। তাতেই গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্লে-অফের পথে এগোচ্ছে বাংলা টাইগার্স। ছয় ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে অবস্থান করছে তারা।