প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১৬:৫৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ২১:৫৬ পিএম
পাকিস্তানের দুই কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কাজের প্রস্তাব পেয়েছিলেন ওয়াসিম আকরাম। পিসিবির সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক। মূলত অন্য কোথাও দায়িত্ব থাকায় নতুন দায়িত্ব নিতে অনাগ্রহ আকরামের।
পাকিস্তানের গণমাধ্যমের দাবি, আকরাম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর দেশটির আরেক কিংবদন্তি বোলার ওয়াকার ইউনিসকে প্রস্তাব দেয় পিসিবি। বোর্ডের সেই প্রস্তাবে রাজি ওয়াকার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কির মতো একই ভূমিকায় দেখা যেতে পারে ওয়াকারকে। ওয়াকার পরামর্শক বা পিসিবির প্রধানের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করতে পারেন। ভূমিকা স্থায়ী হলে পদের নাম পরিবর্তিত হতে পারে।
মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যানের পদ ছাড়াও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। দায়িত্বভার কিছুটা কমিয়ে আনতে বোর্ডে নতুন দায়িত্বের আগমন চেয়েছিলেন তিনি। মূলত ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কির মতো একটি ‘পদ’ তৈরির পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু আকরামকে করাচিতে স্থায়ীভাবে থাকলেও পারিবারিক কারণে প্রায়ই অস্ট্রেলিয়ায় যেতে হয়। তাই পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এই দায়িত্ব নিতে না পারলেও পাকিস্তান ক্রিকেটের যেকোনো প্রয়োজনে আছেন আকরাম।