প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১০:৩১ এএম
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে গতকাল শনিবার স্ট্রেংথ টেস্ট দিয়েছেন তাসকিনসহ ১৪ জন ক্রিকেটার; ছবি: বিসিবি
ক্রিকেট মাঠে বেশ চোটপ্রবণ বাংলাদেশের পেসাররা। ইনজুরির কারণে তাসকিন আহমেদও যেমন দল থেকে ছিটকে যান হরহামেশাই। বাংলাদেশের গতিতারকা সবশেষ বিপিএল চলাকালেই লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছিলেন। ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও। তবে পাকিস্তান সিরিজ দিয়ে তাসকিনের টেস্টে ফেরার আভাস মিলেছে।
সম্প্রতি বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, তাসকিনকে টেস্টের জন্য নির্বাচকদের বিবেচনার কথা। কিন্তু বারবার কাঁধের ইনজুরিতে পড়া তাসকিন কি পাঁচ দিনের ম্যাচে বোলিং করার জন্য ফিট আছেন? বিসিবির ফিজিও অবশ্য তার খেলাতে কোনো সমস্যা দেখছেন না। ধারাবাহিকভাবে ওয়ার্কআউট করলেই পারবেন সাদা পোশাকে খেলতে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজ সামনে রেখে গতকাল শনিবার ঢাকায় শুরু হয়েছে আনুষ্ঠানিকঅনুশীলন। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে নাজমুল হোসেন শান্তদের রানিং টেস্ট হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ায় তা ভেস্তে যায়। তবে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ১৪ জন ক্রিকেটার দিয়েছেন স্ট্রেংথ টেস্ট। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিনের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম।
তিনি বলেন, ‘তাসকিনতো এতদিন টি-টোয়েন্টির জন্য খেলেছে।ওই সময়ে তো লম্বা স্পেল বল করা হয়না। ওর কাঁধের যে সমস্যা ছিল বিশ্বকাপের সময়, ওইটা পরীক্ষা করে নিয়ে এসেছি। আসলে ওর কাঁধের সমস্যাটা একই পর্যায়ে আছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এটা নিয়ে আপনি খেলতে পারবেন। এর মানে হলো, সে যদি ওয়ার্কআউট করে, তাহলে সে খেলতে পারবে।সেদিক থেকে অবশ্যই তাসকিন টেস্টে অ্যাভেলেবল আছে।’
তাসকিন আহমেদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে, আফগানিস্তানের বিপক্ষে। বেশ কিছুদিন ধরে টেস্ট থেকে বিরতিতে থাকায় তাকে ফেরার জন্য লম্বা স্পেলিংয়ে বোলিংয়ের অনুশীলন করতে হবে। বায়েজিদ আরও বলেন, ‘টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড, লম্বা স্পেল করতে হয়। আস্তে আস্তে বিল্ডআপ করে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন সে চেষ্টা করে দেখবে।সে যদি ভালো অনুভব করে, তাহলে সে আবার টেস্ট খেলতে পারবে।’