প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১২:৫৫ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৩:২৭ পিএম
শেলি অ্যান ফ্রেজার প্রাইসের ও শা’কারি রিচার্ডসন
কে হতে যাচ্ছেন দ্রুততম মানবী? উত্তরটা জানতে অনেকেরই যেন তর সইছে না। তবে আর বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে না। অ্যাথলেটিকসপ্রেমীদের অপেক্ষার অবসান হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। প্যারিস অলিম্পিকে নারীদের ১০০ মিটার দৌড়ের ফাইনাল দিয়ে আজই মিলবে উত্তরটা। তাই তো ক্রীড়ামোদীরা চোখ রাখছেন শা’কারি রিচার্ডসন আর শেলি অ্যান ফ্রেজার প্রাইসের দিকে। প্যারিস অলিম্পিকের রানী হতে আটঘাট বেঁধেই নামবেন যুক্তরাষ্ট্রের তারকা দৌড়বিদ শা’কারি। আর ক্যারিয়ারের শেষ অলিম্পিকটা সোনায় মোড়াতে মরিয়া হয়ে আছেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্র্যাজার-প্রাইসও। টোকিও অলিম্পিকের ১০০ মিটারে স্বর্ণ জয়ী এলাইন থম্পসন-হেরাহ নেই এবারের অলিম্পিকে। জাপানের মাটিতে রৌপ্য জেতা ফ্র্যাজার-ফ্রাইস জ্যামাইকার আভিজাত্য ধরে রাখতে আদা-জল খেয়ে যে নামবেন, তাতে নেই কোনো সন্দেহ। আবার বিশ্ব অ্যাথলেটিকসের এই দুই মহারানীকে টপকে ডার্কহর্স হতে পারেন অন্য কেউ? সবটা খোলাসা হবে আজ রাত ১টা ২০ মিনিটে।
যুক্তরাষ্ট্রের ট্রায়ালে রেকর্ড টাইমিং গড়েই টোকিও অলিম্পিকের টিকিট ছিনিয়ে নিয়েছিলেন শা’কারি। কিন্তু দুর্ভাগ্য ক্যানাবিস সেবনের অপরাধে হন নিষিদ্ধ। টোকিওর ট্র্যাকে স্বর্ণপদক ওঠেনি তার গলায়। এবার সেই আক্ষেপটা ঝেরে ফেলার সুবর্ণ সুযোগ তার সামনে। অলিম্পিকের স্বর্ণ গলায় ঝোলানোর স্বপ্নপূরণের অপেক্ষায় এখন শা’কারি। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার জেরে অ্যাথলেটিকসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন স্প্রিন্টের এ সুপারস্টার।
ক্যারিয়ারের খারাপ সময়টা পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন শা’কারি। হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে ২০২৩ বিশ্ব অ্যাথলেটিকসের ট্র্যাকে নেমেই চমক দেখান। মার্কিন এ দৌড়বিদ দেখিয়ে দেন এখনও শেষ হয়ে যাননি। চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে তার দেওয়ার আছে অনেক কিছু।
নিজের দুর্দান্ত প্রত্যাবর্তনটা রাঙান সোনার রঙে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জেতেন দুটি স্বর্ণ। প্রথমটা আসে নারীদের ১০০ মিটার দৌড়ে। দ্বিতীয় স্বর্ণ জেতেন ৪ গুণিতক ১০০ মিটার দৌড়ে। তবে ২০০ মিটারে আর ভাগ্য সহায় হয়নি। শা’কারিকে সন্তুষ্ট থাকতে হয় ব্রোঞ্জপদকে। টানা দুই স্বর্ণ দিতে বিশ্বের দ্রুততম মানবীর তকমা পেয়ে গেছেন এরই মধ্যে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অন্যতম সেরা উদীয়মান এ তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এখানেই থামতে চান না, তার স্বপ্নটা আরও অনেক বিশাল, ‘আমি মানুষটা ঠিক কেমন, এখন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ছোটখাটো কিছুর জন্য লড়াই করি না। আমার জীবনের স্বপ্নটা সব সময় বড়।’
বুদাপেস্ট বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে শা’কারি চ্যাম্পিয়ন হন ১০.৬৫ সেকেন্ড টাইমিং নিয়ে। এটাই তার ব্যক্তিগত সেরা টাইমিং। গতকাল শুক্রবার প্যারিস অলিম্পিকের প্রথম রাউন্ডে ১০০ মিটার দৌড় শেষ করতে সময় নেন ১০.৯৪ সেকেন্ড। তার আগে ছিলেন আরও তিন অ্যাথলেট। তার টাইমিং দেখে সবার ধারণা, শা’কারি হয়তো ফাইনালের জন্য নিজের সেরাটা তুলে রেখেছেন। নিজের ব্যক্তিগত সেরা টাইমিংও ভেঙে ফেলতে পারেন। তারই হয়তো আভাস দিয়ে শা’কারি আগাম বলে রেখেছেন, ‘আমি শুধু ফিরে আসিনি, আরও শক্তিশালী হয়ে এসেছি।’
১০০ মিটারের ফাইনালে শা’কারির স্বদেশি ‘শত্রু’ আছেন দুজন। তার দুই সতীর্থ মেলিসা জেফারসন ও টোয়ানিশা টেরিও রয়েছেন সেরা হওয়ার লড়াইয়ে। মেলিসা-টেরির সঙ্গে শা’কারির হৃদয় ভাঙার স্বপ্ন লালন করে যাচ্ছেন ৩৭ বছরের ফ্র্যাজার-প্রাইসও। নিজের বিদায়ী অলিম্পিকে স্বর্ণকে পাখির চোখ করেছেন। নারীদের স্প্রিন্টে জ্যামাইকার ব্যাটন নিয়ে সামনে এগোনোর গুরুভার তো তারই কাঁধে। গত দু’বারের স্বর্ণজয়ী এলাইন থম্পসন-হেরাহ চোটের কারণে প্যারিস অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছেন। আর তার আরেক সতীর্থ জ্যামাইকান মেগাস্টার শেরিকা জ্যাকসন আগেই জানিয়ে রেখেছেন, নিজের পছন্দের ২০০ মিটারের স্বর্ণ জয়ে মনোযোগ দিতে ১০০ মিটারে দৌড়ের ট্র্যাকে থাকছেন না।
ফ্র্যাজার-প্রাইস বিশ্বের অন্যতম সেরা নারী স্প্রিন্টারদের একজন। ২০০৮ ও ২০১২ অলিম্পিকে স্বর্ণের বিশ্বচ্যাম্পিয়নশিপে সেরা হন পাঁচবার। কিন্তু বর্ণিল ক্যারিয়ারের গৌধূলি লগ্নে এসে ৩৭ বছর বয়সে দুর্বার তরুণী শা’কারির বিরুদ্ধে সমান তালে পাল্লা দেওয়া কঠিনই হবে তার জন্য।
চলতি বছর মাত্র দুটি প্রতিযোগিতার চারটি রেসে দৌড়েছেন ফ্র্যাজার-প্রাইস। এ বছর তার সেরা টাইমিং ১০.৯১ সেকেন্ড। বিপরীতে শা’কারির সেরা টাইমিং ১০.৭১ সেকেন্ড। তবে আজ স্তাদ দ্য ফ্রান্সে নতুন কোনো দৌড়বিদের গলায় সোনার পদক উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথম রাউন্ডে সবচেয়ে কম ১০.৮৭ সেকেন্ড সময় নিয়েছেন আইভরিকোস্টের মারি জোস তা লো-স্মিথ। তার সঙ্গে রয়েছেন জুলিয়েন আলফ্রেড। ২৩ বছরের সেন্ট লুসিয়ার এ স্প্রিন্টারের সেরা টাইমিং ১০.৭৮ সেকেন্ড। মোনাকো ডায়মন্ড লিগে জেতা এ স্প্রিন্টারের সঙ্গে লড়াইয়ে নামতে প্রস্তুত ব্রিটেনের ডিনা অ্যাশার-স্মিথ ও সুইজারল্যান্ডের মুজিঙ্গা কামবুনজি।