প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ০৮:৩১ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১১:০৪ এএম
ফ্রান্সের পিএসজি স্টেডিয়ামে শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো। সংগৃহীত ছবি
কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপে চমক দেখানোর পর এবার অলিম্পিকেও সেই ধারা অব্যাহত রেখেছে মরক্কো। দুর্দান্ত এক জয়ে দলটি পৌঁছে গেছে নতুন উচ্চতায়। অলিম্পিকের মঞ্চে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলতে নেমে সেমিফাইনালে উঠেছে দলটি। পুরুষদের ফুটবল ইভেন্টে শেষ আটের লড়াইয়ে তারা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে।
ফ্রান্সের পিএসজি স্টেডিয়ামে শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো। খেলার প্রথমার্ধে ১ গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিনবার প্রতিপক্ষের জাল কাঁপায় মরক্কো। প্রথমে সুফিয়ান রাহিমির ২৯ মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে বাকি ৩ গোল করে তারা; একে একে জালে বল পাঠান ইলিয়াস আখোম্যাস, আশরাফ হাকিমি ও এল মেহেদি।
এর আগে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ২০২২ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল মরক্কো। অলিম্পিকে অবশ্য অংশ নেয় অনূর্ধ্ব-২৩ দল, বেশি বয়সি তিনজন খেলার সুযোগ পান স্কোয়াডে। তবে এখানেও তাদের এগিয়ে চলা দেশটির ফুটবলের ধারাবাহিক উন্নতিরই প্রমাণ।
ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কো খেলবে স্পেনের বিপক্ষে। আরেক কোয়ার্টার-ফাইনালে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ীরা ৩-০ গোলে হারিয়েছে জাপানকে। স্পেনের জয়ের নায়ক ফের্মিন লোপেস, ২টি গোল করেন বার্সেলোনার এ মিডফিল্ডার। অন্য গোলটি করেন জিরোনার ফরোয়ার্ড আবেল রুইস।