× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুতই মাঠে ফিরছেন এবাদত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ২০:৪৩ পিএম

দ্রুতই মাঠে ফিরছেন এবাদত

লম্বা সময় ধরে মাঠের বাইরে এবাদত হোসেন। গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তার বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। লন্ডনে পরের মাসে তাকে যেতে হয় অস্ত্রোপচারের ছুরি-কাঁচির নিচে। বর্তমানে আছেন ৪৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে পুরোদমে বোলিং করা থেকে অল্প দূরে। টাইগার পেসার ইতোমধ্যে বিসিবির মেডিকেল বিভাগ থেকে ছাড়পত্র পেয়েছেন। এবাদত আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ম্যাচ ফিটের ছাড়পত্র পেয়ে যাবেন। এরপর ডানহাতি এই পেসারের খেলা না খেলা নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের ওপর। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ফেরার লক্ষ্য তার। তাই জাতীয় দলের একজন ট্রেইনারের সঙ্গে একাগ্রচিত্তে নিজেকে প্রস্তুত করছেন এই স্পিডস্টার।

এবাদতকে নিয়ে কাজ করা বিসিবির স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ইয়াকুব চৌধুরী ডালিম জানিয়েছেন, ‘এবাদতের লক্ষ্য যত দ্রুত মাঠে ফেরা যায়। আমরা কাজ করছি এটা নিয়ে। আর কিছু সপ্তাহ বাকি। নেটে কিংবা অনুশীলনে দেখে যদি ম্যানেজমেন্টের মনে হয় রিদমে আছেন তাহলে ভারত সিরিজেও তাকে বিবেচনা করতে পারেন। এখন দ্রুত সে এগোচ্ছে।’

একই কথা বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও, ‘মেডিকেল দিক থেকে এবাদতের কোনো সমস্যা নেই। আমাদের দিক থেকে আমরা ছাড়পত্র দিয়ে দিয়েছি। এখন তার কাজ হচ্ছে ম্যাচ ফিট হওয়া, রিদম ফিরে পাওয়া। মূল বিষয় হচ্ছে তার যে ইনজুরি ছিল সেটা এখন ক্লিয়ার। এখন ম্যাচ ফিট হতে হবে।’

এদিকে এবাদতকে নিয়ে আশার কথা শুনিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। গত বুধবার তিনি বলেন, ‘এবাদত এখনও সেরে উঠছে। তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। ৭০ ভাগের মতো সুস্থ হয়েছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে। পুরোপুরি সুস্থ হোক। তারপর দেখা যাবে।’

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এবাদতের। এখন পর্যন্ত খেলেছেন ২০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। সিলেটের এই পেসার উইকেট নিয়েছেন যথাক্রমে ৪২, ২২ ও ৭টি। নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ উইকেট নিয়ে ঐতিহাসিক টেস্ট জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশের পেস ইউনিটের এই স্তম্ভের মাঠে ফেরা এখন সময়ের ব্যাপার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা