প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১২:৩৫ পিএম
প্যারিস অলিম্পিকে শ্রেষ্ঠত্ব প্রমান করেই যাচ্ছেন সিমোন বাইলস। জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টে সোনা জিতে প্রত্যাবর্তন রাঙানোর পর এবার নারীদের অল–অ্যারাউন্ডেও সোনা জিতে নিলেন কিংবদন্তি এই মার্কিন জিমন্যাস্ট। সোনা জয়ের পথে তার স্কোর ১৫.০০৬। এই ইভেন্টের রুপা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে এবং ব্রোঞ্জ জিতেছেন তারই স্বদেশি সুনিসা লি।
বাইলস আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে মেয়েদের অল–অ্যারাউন্ড ইভেন্টে শুরু করেছিলেন ভল্ট দিয়ে। মেয়েদের ব্যক্তিগত এই ইভেন্টে আছে চারটি রাউন্ড- ভল্ট, আনইভেন বারস, ব্যালান্স বিম ও ফ্লোর এক্সারসাইজ। বাইলস শুরু করেছিলেন ভল্ট দিয়ে। সেখানে মোট ১৫.৭৬৬ স্কোর করেন। আনইভেনে বারসে স্কোর করেন ১৩.৭৩৩। আর ব্যালান্স বিমে ১৪.৪৬৬ স্কোর করেন। তিনটি রাউন্ড শেষে শীর্ষে ছিলেন তিনি। ফ্লোর এক্সারসাইজের পর সোনা নিশ্চিত করেন বাইলস।
এটি বাইলসের ক্যারিয়ারের ৬ষ্ঠ অলিম্পিক সোনা এবং সব মিলিয়ে ৯ম পদক। আর চলতি আসরে যুক্তরাষ্ট্রের সপ্তম স্বর্ণপদক, সবমিলিয়ে ৩৪তম।
এই সোনা জিতে টোকিও অলিম্পিকের দুঃস্বপ্ন যেন আরেকটু মুছলেন বাইলস। অলিম্পিকের ৩২তম আসরে মানসিক সমস্যায় ভুগেছিলেন ২৭ বর্ষী জিমন্যাস্ট। বিদায় নেন মাঝপথে। সেবার কেবল একটি রুপা এবং দু'টি ব্রোঞ্জ জিতেছিলেন।