মেয়েদের এশিয়া কাপের ফাইনাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২০:৩০ পিএম
সদ্য শেষ হওয়া মেয়েদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের নবম আসরে ফাইনাল ম্যাচসহ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করেছিলেন সাথিরা জাকের জেসি। শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি ছিলেন অনফিল্ড আম্পায়ার। সেখানেই তার একটি এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। অবশ্য পরে রিপ্লে দেখে নিজের ভুল বুঝতে পেরে তিনি বাংলাদেশের এই নারী আম্পায়ারের সিদ্ধান্তের প্রশংসাও করেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এশিয়া কাপ, ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় ক্রিকেটারদের আবেদন এবং পরের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন জেসি। জেসি বলেন, ‘চামারি আতাপাত্তুর বিপক্ষে ৪ বা ৫ নম্বর ওভারে একটা এলবিডব্লিউ’র আপিল ছিল। সেটার যেভাবে আপিল করছিল ভারতের ক্রিকেটাররা, মনে হয়েছে ১০০% আউট আমি দিই নাই। হারমানপ্রীত এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কেন আউট দিই নাই? আমি সাথে সাথে বলে দিয়েছি লেগ স্টাম্পের বাইরে পিচড আপ।’
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এরপর যোগ করেন, ‘হারমানপ্রীত হয়তো কথাটা (নট আউটের সিদ্ধান্ত) ভালোভাবে গ্রহণ করেনি। ঠিক ওই মুহূর্তে আমি এবং হারমানপ্রীত দুজনে একসাথে বড় স্ক্রিনে তাকিয়েছি। সেখানে দেখালো যে লেগ স্টাম্পের বেশ বাইরে। তখন আমি তাকে বললাম দেখেছো লেগ স্টাম্পের বাইরে। এরপর সে এসে আমাকে বললো— ম্যাম ভেরি গুড ডিসিশন।’
অবশ্য জেসি ফাইনাল কিংবা ভারত-পাকিস্তান ম্যাচকে চাপের মনে করেন না। তার কাছে দেশের ঘরোয়া লিগ ডিপিএলে ম্যাচ পরিচালনা সবচেয়ে বেশি চাপের মনে হয়। ক্রিকেটার থেকে আম্পায়ার হওয়া জেসির উত্তর, ‘আমার কাছে এখনো মনে হয় ভারত-পাকিস্তান বা এশিয়া কাপের ফাইনাল ম্যাচের থেকে আমাদের ডিপিএলে বেশি চাপের ম্যাচ তো আমি করে গিয়েছি। যার কারণে আমি ওই ম্যাচগুলো উপভোগ করেছি, চাপ অনুভব করিনি।’
আগামী অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। জেসির স্বপ্ন বাংলাদেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করা, ‘দেখেন আমিতো আশাবাদী। স্বপ্ন সেটাই দেখছি। বিসিবিও আশাবাদী, আইসিসির সাথেও মোটামুটি কথা তাদের হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে ততক্ষণ কোনো কিছু বলা যাচ্ছে না।’
প্রসঙ্গত, এবারের মেয়েদের এশিয়া কাপে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েরা। এই ভারতের কাছেই পাঁচবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট হারিয়েছিল লঙ্কানরা। এবার সেই প্রতিশোধ নিয়েছে চামারি আত্তাপাতুর দল।