প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৭:৫৫ পিএম
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি
মাসের মাঝামাঝিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের
অন্তর্ভুক্ত এই সিরিজের প্রস্তুতি হিসেবে আগামী ৬ আগস্ট পাকিস্তান সফর করবে বাংলাদেশ
‘এ’ দল। সফরে দুটি চার দিন ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে দুই দল। গত মঙ্গলবার আসন্ন
এই সিরিজের জন্য ২৩ ক্রিকেটার নিয়ে তিনটি আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। এই সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়।
আর সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়।
বাংলাদেশ ‘এ’ দলে প্রথমবারের মতো অধিনায়কত্ব
পেয়েছেন হৃদয়। জাতীয় দলের ডানহাতি এই ব্যাটারের জন্য অবশ্য নেতৃত্ব নতুন কিছু নয়। বয়সভিত্তিক
ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
জয়ী এই ক্রিকেটারের। আর সাদা পোশাকে দলকে নেতৃত্ব পাওয়া বিজয় আছেন ওয়ানডে দলেও। দুই
সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার - মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম
অঙ্কন, তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রেজা ও রুয়েল মিয়া।
অবশ্য দুটি চার দিনের ম্যাচের জন্য
আলাদা দুটি স্কোয়াড দেওয়া হয়েছে। সাদা পোশাকের প্রথম ম্যাচের স্কোয়াডে আছেন মুশফিকুর
রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসান। দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে
নাঈম শেখ, সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী অনিক। দুই ম্যাচের
দলেই থাকছেন শাহাদাত হোসেন দিপু। এ ছাড়া ওয়ানডে দলে জায়গা পেয়েছেন লেগস্পিনার রিশাদ
হোসেন। সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে।
১০ আগস্ট মাঠে গড়াবে প্রথম চার দিনের
ম্যাচ। এরপর ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট
মাঠে গড়াবে তিন ওয়ানডে। এদিকে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের দুই ম্যাচ সিরিজের প্রথম
টেস্ট রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে। এরপর করাচিতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০
আগস্ট।
‘এ’ দলের স্কোয়াড:
প্রথম চার দিনের ম্যাচ : মাহমুদুল হাসান জয়, এনামুল হক, মুমিনুল হক, জাকির হাসান, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচ : এনামুল হক, নাঈম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
ওয়ানডে দল : এনামুল হক, নাঈম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান, রুয়েল মিয়া।