× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক ২০২৪

স্বর্ণ মিশন শুরু বাইলসের

আরিফুর রাজু

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২০:৫৯ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৭:০৯ পিএম

সিমোন বাইলসের উদযাপন...

সিমোন বাইলসের উদযাপন...

‘টুইস্টিজ’ শব্দটি টুইস্টের কাছাকাছি। ভিন্ন কিছুর পাশাপাশি টুইস্টের আছে বহুবিদ ব্যবহার। আর টুইস্টিজ একটি মানসিক রোগ। যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক সিমোন বাইলসের ক্যারিয়ারে ‘যতিচিহ্ন’ ফেলে দেয় এই টুইস্টিজ। টোকিও অলিম্পিকের মাঝপথেই নাম প্রত্যাহার করে নেন চলতি শতকের কিংবদন্তি জিমন্যাস্টিকের পথচলা। শুরু হয় নতুন যুদ্ধ। নিজের সঙ্গে, রোগের সঙ্গে এমনকি পরিবেশের সঙ্গেও। তবে দৃঢ়প্রত্যয়ী বাইলস বুঝিয়ে দেন, যোদ্ধাদের ধসিয়ে দেওয়া যায়, গুঁড়িয়ে দেওয়া যায়, কিন্তু নিঃশেষ করা যায় না। তারা ফিনিক্সের মতোই, ছাই থেকে জেগে ওঠে নয়া উদ্যমে। বাইলসও তার দুঃস্বপ্নকে মাটিচাপা দিয়ে প্যারিস আলিম্পিকে জেতেন সোনা। তিন বছর আগে টোকিওতে যে খেলার মাঝে বেরিয়ে গিয়েছিলেন, সেই খেলা থেকে প্যারিস অভিযান শুরু করলেন। জিতলেন অষ্টম পদক। যার পাঁচটিই সোনা।

গত মঙ্গলবার রাতে আর্টিস্টিক জিমন্যাস্টিকদের দলগত ইভেন্টের চারটি রোটেশনেই নেমেছিলেন বাইলস। তিনি শেষ করলেন তার বিখ্যাত ফ্লোর ইভেন্ট দিয়ে। গোটা ইভেন্টে একবারও মনে হয়নি চাপে আছেন। বরং দুঃসহ স্মৃতি ভুলিয়ে দেওয়ার মঞ্চে নিজেকে মেলে ধরেন নীল প্রজাপতির মতো। যতক্ষণই ফ্লোরে থেকেছেন, আক্ষরিক অর্থে উড়েছেন, সতীর্থদের নিয়েই। একটু বয়স বাড়লেও ফুরিয়ে যে যাননি, ২৭ বর্ষী জিমন্যাস্টিকের এবারের অলিম্পিক যেন তার কাছে সেটিই প্রমাণের মঞ্চ। এ যাত্রায় অবশ্য দশে দশ বাইলস। নিজের ডানায় যুক্ত করলেন আরেকটি সোনার পালক।

বাইলস কেমন খেলেন বের্সি অ্যারিনায় সে দিকেই নজর ছিল সবার। দর্শক আসনে তার বাবা রন বাইলস, মা নেলি বাইলস ও স্বামী জোনাথন ওয়েনস ছিলেন। বাইলসের অনিন্দ্যসুন্দর পারফরম্যান্স দেখতে কন্যাকে নিয়ে এসেছিলেন সেরিনা উইলিয়ামস। কানায় কানায় ভর্তি গ্যালারিকে হতাশ করেননি বাইলস। আমেরিকার হয়ে চারটি রোটেশনেই অংশ নেন তিনি। চোট পাওয়ায় পায়ে ব্যান্ডেজ বাঁধা থাকলেও তাতে সমস্যা হয়নি। সোনার হাসি হেসেছেন ম্যাচ শেষে। যেখান থেকে শেষ সেখান থেকেই শুরুর যে হাসি, সেটাই হেসেছেন সতীর্থদের নিয়ে। মুক্তির চেষ্টা হোক বা শাপমোচন, কিংবা যেকোনো কিছুই, শুরুটা দারুণ করলেন বাইলস।

বাইলস অলিম্পিকে আসেন দেশের আশা হয়ে। নিজেকে সেরা প্রমাণের তাগিদে। তার ‘রিডেম্পশন ট্যুর’ নিয়ে তাই ম্যাচ শেষে চর্চাটা একটু বেশিই হয়েছে। সোনা জেতার পর বাইলস জানিয়েছেন, তিনি গতকালও থেরাপি নিয়েই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। বাইলসের ভাষায়, ‘আজ (মঙ্গলবার) সকালে থেরাপি নিয়েই দিনটা শুরু করেছিলাম। সে সময়টা ছিল উত্তেজনাপূর্ণ। আমার থেরাপিস্টকে বলেছিলাম, আমি ভালো বোধ করছি এবং (প্রতিযোগিতার জন্য) প্রস্তুত।’

ভল্ট রোটেশনে ভালো করার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় বাইলসের, তেমনটাই জানিয়েছেন কিংবদন্তি এ জিমন্যাস্ট, ‘ভল্ট রোটেশন শেষ করার পর আমি স্বস্তি পেয়েছিলাম। তখন আমার মনে হয়েছিল, উফ! এখন অন্তত টোকিওর ফ্ল্যাশব্যাক নেই। আমি সত্যিই অনেক স্বস্তি পেয়েছিলাম।’

গতকাল বাইলস ফ্লোর এক্সারসাইজ রোটেশন শেষ করতেই নিশ্চিত হয়ে যায়, সোনা যুক্তরাষ্ট্রের ঘরেই যাচ্ছে। অলিম্পিকে এটি বাইলসের দ্বিতীয় দলগত স্বর্ণপদক। এর আগে রিও অলিম্পিকে এ কীর্তি প্রথমবার গড়েছিলেন তিনি। তবে প্যারিস অলিম্পিকে দ্বিতীয়বার এ অর্জন ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে বলে জানিয়েছেন বাইলস।

যুক্তরাষ্ট্রের এ জিমন্যাস্ট বলেছেন, ‘আমার মনে হয়, ২০১৬ সালে সোনা আমাদেরই জেতার কথা ছিল। সবাই জানত, আমরা সোনা জিততে যাচ্ছি। এখন আমার বয়স বেড়েছে, সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা। আমরা সত্যিই এখানে (প্যারিসে) অনেক মজা করেছি এবং যা অর্জন করেছি সেটা উপভোগ করছি। আজকে রাতের অনুভূতিটা সত্যিই আলাদা।’ 

বাইলসকে পুরোনো চেহারায় ফিরতে দেখে উচ্ছ্বসিত তার ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ জর্ডান চাইলস। বলেছেন, ‘নিশ্চিতভাবেই এখন বলতে পারেন যে, টোকিওর আসর থেকে ভিন্ন একজন এখন সে। আমি সব সময় বলতে ভালোবাসি যে, সর্বকালের সেরাদের সেরার সঙ্গে অনুশীলন করি আমি। যা কিছুই হোক না কেন, সে সব সময়ই আমার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা