প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৮:৫২ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৯:৫১ পিএম
সাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করার বিষয়টির সমালোচনা করেছেন জালাল ইউনুস— সংগৃহীত ছবি
তাওহিদ হৃদয় থেকে শুরু করে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদদের মতো সিনিয়র ক্রিকেটাররাও কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, বার্তা দিয়েছেন। তবে চলমান আন্দোলনে এখনও নিশ্চুপ সাকিব আল হাসান। আওয়ামী লিগের এমপি ও বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড়ের কাছে চুপ থাকার কারণ জানতে চেয়েছিলেন এক ভক্ত। কানাডায় সাকিব ওই ভক্তকে ক্ষুব্ধ হয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
ব্রাম্পটনে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে ওই প্রবাসী ও সাকিবের সেই বাগ্বিতণ্ডা ছড়িয়েছে বহুদূর। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সমালোচনা করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জানতে চাইলে, বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও দেশপ্রেম নিয়ে প্রশ্ন করার বিষয়টির সমালোচনা করেছেন।
জালাল ইউনুস দাবি করেছেন, ভিডিওটা তিনি দেখেননি। তবে সাকিবের পাশেই থাকছেন তিনি, ‘আমি ভিডিওটা দেখিনি। আমার তাই মন্তব্য করা ঠিক হবে না। সাকিবের অবদান নিয়ে প্রশ্ন করা উচিত ছিল না। সে (দর্শক) যদি ক্রিকেটে সাকিবের অবদানের প্রসঙ্গ উঠিয়ে থাকে, যেটা আমি শুনেছি, দেখিনি। আমরা, আপনারা সবাই জানি, সাকিবের অবদান কী। বাংলাদেশের ক্রিকেটে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অবদান অবশ্যই অস্বীকার করা যাবে না।’
মাঠের বাইরের কাণ্ডে বিতর্কিত অলরাউন্ডারের ব্যক্তিগত ব্যাপার বলেও কৌশলী উত্তর দিয়েছেন বিসিবি পরিচালক, ‘দেখুন, এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব সেখানে কী বলেছে, আমি বলতে পারব না। আমি যতটুকু জেনেছি, সাকিবের অবদানের কথা বলা হয়েছে বা ক্রিকেটের অবদান। কোন অবদান বোঝাতে চেয়েছে, সেটা আমি জানি না।’