প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ২১:০৬ পিএম
সদ্য সমাপ্ত মেয়েদের এশিয়া কাপে সেমিফাইনালেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে ৪ ম্যাচের ৩ ইনিংসে ১টি ফিফটিতে করেন ১৪২ রান। আজ মঙ্গলবার (৩০ জুলাই) আইসিসির সবশেষ হালনাগাদকৃত মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিনধাপ উন্নতি হয়েছে ডানহাতি এই ব্যাটারের।
এশিয়া কাপে গ্রুপ পর্বে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন অপরাজিত ৪৮ রান। এরপর থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাননি। মালয়েশিয়ার বিপক্ষে ৩৭ বলে খেলেন অপরাজিত ৬২ রানের ঝকঝকে ইনিংস। আর সেমিফাইনালে ভারতের বিপক্ষেও দলনেতার অবদান ৩২ রান। দারুণ ব্যাটিংয়ে ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে জ্যোতি তালিকার ১৪তম স্থানে উঠেছেন।
এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক স্বর্ণা আক্তার দশ ধাপ এগিয়ে ৯৫তম স্থানে জায়গা করে নিয়েছেন। দুই ইনিংসে ব্যাট হাতে করেন ৪৪ রান। টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে নিগার ছাড়া বাংলাদেশিদের মধ্যে সেরা ৫০-এ আছেন ওপেনার মুরশিদা খাতুন (৪৭)। আসরে প্রথমবার শিরোপা জেতা শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন। রানার্সআপ ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা একধাপ এগিয়ে উঠেছেন চারে। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
ব্যাটিংয়ে উন্নতি হলেও বোলিংয়ে বেশ অবনতি হয়েছে বাংলাদেশি মেয়েদের। রাবেয়া খান ছিলেন টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। তবে চার ধাপ নেমে বর্তমানে এই লেগস্পিনার অবস্থান করছেন ১০ নম্বরে। আরেক স্পিনার নাহিদা আক্তার ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৬ নম্বরে। টাইগ্রেসদের তারকা পেসার মারুফা আকতার ৪ ধাপ পিছিয়েছেন। ডানহাতি এই পেসারের অবস্থান এখন ৩০ নম্বরে। পাকিস্তানের সাদিয়া ইকবাল এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চার নম্বরে উঠে এসেছেন। ভারতের রেনুকা সিং ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।