প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ২০:২৩ পিএম
অনেকেই বলে থাকেন- অলিম্পিকে বাংলাদেশি ক্রীড়াবিদদের চাওয়া যেন পদক নয়, অংশগ্রহণ করতে পারলেই খুশি থাকেন তারা। সেই আলোচনা বাদই দিলাম, তবে অলিম্পিকে যে নিজের সেরা টাইমিং করতে পারলেই তারা খুশি থাকেন সেটি অনেকেরই জানা কথা। আর ন্যূনতম সেই চাহিদাটুকুও কখনও মেটাতে পারেন, আবার কখনও পারেন না। রবিবার প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে যেমন নিজের সেরার ধারেকাছেও যেতে পারেননি রবিউল ইসলাম। ৪৯ জনের মধ্যে হয়েছিলেন ৪৩তম। তবে মঙ্গলবার নিজের সেরা টাইমিং বা স্কোর করেছেন সাঁতারু সামিউল ইসলাম রাফি।
অলিম্পিক গেমসের অন্যতম আকর্ষণ সাঁতার। তাই সাঁতারের ভেন্যু লা ডিফেন্স অ্যারেনার সোমবার গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। সকাল থেকেই চলেছে নানা ইভেন্টের হিট। বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম প্যারিস সময় সকাল সোয়া এগারোটায় ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টের দ্বিতীয় হিটে নামেন পুলে। ১০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম হিটে প্রথম হয়েছেন ৫৩ দশমিক ৮৫ সেকেন্ড টাইমিংয়ে। রাফির অংশ নেওয়া দ্বিতীয় হিটে অবশ্য যিনি প্রথম হয়েছেন তার টাইমিং ৫২ দশমিক ২২ সেকেন্ড। ছয় নম্বর লেনে নামা রাফির ৫৩ দশমিক ১০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হিটে আটজনের মধ্যে পঞ্চম হয়েছেন। এই ইভেন্টে ১০ হিটে সর্বমোট ৭৯ জন সাঁতারু অংশ নেন। রাফি যেখানে শেষ করেছেন ৬৯তম হয়ে। সব হিট মিলিয়ে সেরা ১৬ টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন। হিটে প্রথম হওয়া আমেরিকান সাঁতারু অ্যালেক্স জে’র টাইমিং ৪৭ দশমিক ৫৭ সেকেন্ড। ১৬তম হয়ে সর্বশেষ কোয়ালিফাই করা দক্ষিণ কোরিয়ার সাঁতারু হোয়াংয়ের টাইমিং ৪৮ দশমিক ৪১ সেকেন্ড। সামিউল সেমিফাইনাল পর্যায়ে ৪ দশমিক ৬৯ সেকেন্ড পিছিয়ে। তবে ৬৯তম হয়েও খুশি বাংলাদেশি সাঁতারু, ‘সেরা টাইমিং হয়েছে এতে ভালো লাগছে। নিজের টাইমিং ভালো করার চেষ্টা ছিল সেটা পেরেছি।’
এর আগে ১০০ মিটার ফ্রি স্টাইলে সামিউলের সেরা টাইমিং ছিল ৫৩ দশমিক ১২ সেকেন্ড। প্যারিস অলিম্পিকে মাত্র ০ দশমিক ০২ সেকেন্ড কমিয়ে ৫৩ দশমিক ১০ করেছেন। নিজের সেরা টাইমিং হলেও আন্তর্জাতিক মানদণ্ডে অনেক পিছিয়ে সেটাও স্বীকার করেছেন সামিউল।