প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ১১:১১ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪ ১১:১৫ এএম
২০১২ থেকে ২০১৬ সালে টানা তিনবার এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। তারপর অবশ্য কেটে গেছে অনেকটা সময়। বাংলাদেশের মাটিতে এরপর আর গড়ায়নি এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। অবশেষে ১১ বছর পর সেই খরা কাটতে যাচ্ছে। আগামী ২০২৭ সালে এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত শনিবার এশিয়া কাপের পরবর্তী দুই আসরের আয়োজকদের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী বছর অর্থাৎ ২০২৫ এশিয়া কাপের আসর বসবে ভারতে। এটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর ২০২৭ এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।
এসিসির ওয়েবসাইটে ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত মোট ১৩ টি টুর্নামেন্টের জন্য পৃষ্ঠপোষক চেয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। সেই বিজ্ঞাপনে আগামী দুই আসরে এশিয়া কাপের আয়োজকদের নাম স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সে কারণে তার আগের এশিয়া কাপটি কুড়ি কুড়ির সংস্করণের। ২০২৭ এশিয়া কাপ হবে বাংলাদেশে, সেটি ৫০ওভারের সংস্করণে। একই বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। এসিসির ইনভাইটেশন ফর এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (আইইওআই) একটি ডকুমেন্টে এই শিডিউল নিশ্চিত করেছে। সেখানে খেলার তারিখ ভেন্যুসহ সবকিছুই চূড়ান্ত করা হয়েছে।
এশিয়া কাপের আসন্ন দুটি আসরেও হবে ১৩ টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার এই পাঁচ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে যুক্ত হবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। পরে ছয় দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। এরপর দুই গ্রুপের সেরা দুই দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার ফোর। দুই ধাপে ৬ টি করে মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার ফোরের সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। ছেলেদের এশিয়া কাপ ক্রিকেটের দুই আয়োজকের নাম জানালেও ২০২৬ নারী এশিয়া কাপসহ বয়সভিত্তিক এসিসির টুর্নামেন্টগুলোর আয়োজকদের নাম এখনও পরিষ্কার নয়।
২০২৭ সালে ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশে হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই। ১৭তম এই আসরের আগে আরো পাঁচবার এই টুর্নামেন্টের আয়োজক ছিলো লাল-সবুজরা। ১৯৮৮ সালে তৃতীয় আয়োজক হিসেবে আবির্ভাব হয় বাংলাদেশের। ১ যুগের বিরতি দিয়ে ২০০০ সালে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ বসে বাংলাদেশে। এরপর ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। এরমাঝে ২০১২ এবং ২০১৬ আসরে বাংলাদেশ খেলেছিল ফাইনাল। ২০১২ সালে পাকিস্তান আর ২০১৬ সালে ভারতের কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয় টাইগাররা।