প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১৯:৫৮ পিএম
ব্যাটিং করেন মিডল অর্ডারে। বেন স্টোকসকে মাঝেমধ্যে টপ অর্ডারেও দেখা যায়। ইংলিশ টেস্ট অধিনায়ক ক্যারিয়ারে দুইবার ইনিংসের শুরু করেছেন। কাকতালীয়ভাবে দুবারই একই রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টেস্টে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ও সব মিলিয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার।
গতকাল রবিবার (২৮ জুলাই) এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে জয়ের জন্য ৮২ রানের লক্ষ্যে ওপেনিংয়ে নামেন স্টোকস। ব্যাট হাতে তান্ডব চালিয়ে মাত্র ২৪ বলে ফিফটি হাঁকান তিনি। স্টোকস ছাড়িয়ে যান ১৯৮১ সালে ভারতের বিপক্ষে কিংবদন্তি ইয়ান বোথামের ২৮ বলের কীর্তিকে।
সব মিলিয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসের সাথে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন স্টোকস। ২১ বলে ফিফটি হাঁকিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। দুইয়ে থাকা সদ্য বিদায়ী অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ফিফটি হাঁকান ২৩ বলে।
ইংল্যান্ডের হয়ে ২০২০ সালে টেস্টে প্রথমবার ইনিংস ওপেন করেন স্টোকস। সেদিন ওল্ড ট্রাফোর্ডে ফিফটি করেছিলেন ৩৬ বলে, কোনো ইংলিশ ওপেনারের ক্ষেত্রে তখন যেটি ছিল দ্রুততম ফিফটির রেকর্ড। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন এই অলরাউন্ডার। রেকর্ড গড়ে স্টোকস বলেছেন, ‘আমি সত্যিই রেকর্ডের ব্যাপারে জানতাম না। ড্রেসিংরুমে পল কলিংউড (ইংল্যান্ডের সহকারী কোচ) বলেছে যে, ইংল্যান্ডের হয়ে এখন আমার দ্রুততম ফিফটি। বিফিকে (বোথাম) ছাড়িয়ে যেতে পেরে দারুণ লাগছে।’