প্যারিস অলিম্পিক ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১৭:০৪ পিএম
স্প্যানিশ টেনিসের দুই প্রজন্মের
সেরা দুই তারকা রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ। এই দুজন জুটি বেঁধেছেন প্যারিস অলিম্পিকে।
পুরুষ টেনিসের দ্বৈত ইভেন্টে প্রথম রাউন্ডে আন্দ্রেস মোলতিনি ও ম্যাক্সিমো গঞ্জালেস
জুটিকে ৭-৬ (৪), ৬-৪ গেমে হারিয়েছেন তারা। ভক্তদের প্রত্যাশা পূরণের পাশাপাশি দ্বিতীয়
রাউন্ডে উঠেছেন সময়ের দুই সুপারস্টার।
নাদালের বয়স ৩৮। এটিই তার শেষ
অলিম্পিক! টেনিস ক্যারিয়ারে শেষ মৌসুমও বটে! যদিও গুঞ্জন উঠেছে বেশ কিছু বছর খেলা চালিয়ে
যাবেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে সে কথাই বলেছেন স্প্যানিশ কিংবদন্তি, ‘এই মুহূর্তে
অবসর নেব সেটা বলিনি। দারুণ এক দিন কাটল, গতকালের (অলিম্পিক মশাল বহনের) পর। আমি প্রতিটি
সময় উপভোগ করেছি।’
২১ বছর বয়সি আলকারাজের আইডল
২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল। নিজের আদর্শ রাফার পাল্টা প্রশংসা করে আলকারাজ বলেছেন,
‘রাফা, তাকে নিয়ে আর কী বলব? সিঙ্গেলসে তিনি কতটা দুর্দান্ত খেলোয়াড় তা সবাই জানে।
ডাবলসেও তিনি দারুণ টেনিস খেলেন। তার সঙ্গে খেলাটা সহজ। ওর জেতার খিদে, কোর্টে প্রতিটি
পয়েন্টের জন্য মরিয়া লড়াই আমায় অনেক কিছু শিখিয়েছে। কোর্টে ও বাইরে আমি রাফাকে অনুসরণ
করার চেষ্টা করি।’
সতীর্থ সদ্য উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজকে প্রশংসা করতেও ভোলেননি নাদাল, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা টেনিস খেলোয়াড় আলকারাজ। এক দিন ও টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হবে। ওর মুখে সবসময় হাসি লেগে থাকে। তা ছাড়া সবার সঙ্গে খোলা মনে মিশতে পারে। আলকারাজ একজন আদর্শ চরিত্রের মানুষ।’ এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম নতুন এই জুটিকে নাম দিয়েছে ‘নাদালকারাজ’।