প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১৫:০৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৮:০৮ পিএম
সবশেষ বোর্ড সভা ঢাকায় বসেছিল ২০১৪ সালে— পুরোনো ছবি
১৯৯৮ সালের মিনি বিশ্বকাপের সময় বাংলাদেশে প্রথমবার বসেছিল আইসিসির বোর্ড সভা। এরপর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দ্বিতীয়বার। এরপর আর কোনো আইসিসির বোর্ড সভা বসেনি বাংলাদেশে। তবে দীর্ঘ ১০ বছর পর আগামী অক্টোবরে বাংলাদেশে তৃতীয়বারের মতো বসতে যাচ্ছে আইসিসির বোর্ড সভা।
আইসিসির আসন্ন নির্বাচনও হবে ঢাকাতেই। বিষয় দুটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির এই সভাতেই এজেন্ডা থাকবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা।
ক্রীড়ামন্ত্রী ও বোর্ড সভাপতি পাপন বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’
পাপন আরও বলেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’