× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৯ শুটারের মধ্যে ৪৩তম

অলিম্পিকের বাছাইয়ে বাদ শুটার রবিউল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১০:৪৩ এএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১১:২২ এএম

শুটাররবিউল ইসলাম

শুটাররবিউল ইসলাম

স্বপ্নটা ছিল ফাইনালে ওঠার। তাই তো বড় আশা নিয়েই রাইফেল হাতে নেমেছিলেন ‘যুদ্ধে’। প্যারিস অলিম্পিকে প্রত্যাশার ফানুস ওড়ালেন বটে! কিন্তু কাজের কাজ করে দেখাতে পারলেন না রবিউল ইসলাম। পদক জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে তাকে উতরে যেতে হতো বাছাই পর্ব। ১০ মিটার এয়ার রাইফেলের পদক নির্ধারণী লড়াইয়ে টিকে থাকতে হলে তাকে জায়গা করে নিতে হতো সেরা আটে।

কিন্তু বাংলাদেশের এ শুটার সেই বাধাই পেরোতে পারলেন না। শেষ আট তো দূর অস্ত। রবিউল তো ৪৯ জন শুটারের মধ্যে হয়েছেন ৪৩তম। অথচ দেশের ক্রীড়াপ্রেমীরা গতকাল রবিবার তার দিকেই তাকিয়ে ছিলেন। সবাই ছিলেন শুটিং থেকে সুখবর প্রাপ্তির অপেক্ষায়। কিন্তু একরাশ হতাশা ছড়িয়ে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ থেকে বিদায়ের গল্প লিখে ফেলেছেন রবিউল।

প্যারিস অলিম্পিকের শুটিংয়ের বাছাইপর্বে রবিউলের স্কোর মাত্র ৬২৪.২। নিজের স্কোর নিয়ে রবিউল আক্ষেপ করতেই পারেন। কারণ তার ব্যক্তিগত সেরা স্কোর (৬২৮) যে এর ঢের বেশি। প্রথম ধাপে ১০৫.৫ স্কোর করেন। শেষ পাঁচ ধাপে স্কোরিংয়ে হতাশাই কেবল সঙ্গী করেছেন, যা কি না ১০৩.২, ১০৩.৫, ১০৩.৪, ১০৪.৭ ও ১০৩.৯।

প্যারিসে রবিউলের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে সর্বোচ্চ ৬৩১.৭ স্কোর করেন চীন ও আর্জেন্টিনার দুই শুটার। ৬৩০.১ স্কোর নিয়ে সপ্তম স্থানে থেকে ফাইনালের টিকিট কেটেছেন ভারতের অর্জুন বাবুতা। ৬২৯.৮ স্কোরিংয়ে অষ্টম স্থান অধিকার করে ফাইনালে নাম লিখেছেন ক্রোয়েশিয়ার শুটার পিটার গর্সা। এই ইভেন্টের পদক নির্ধারণী খেলা হবে আজ।

রবিউলের স্কোর এতটা খারাপ হবে, এটা হয়তো কেউ ভাবতেই পারেননি। কেননা চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার মাটিতে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক বাছাইয়ে ক্যারিয়ারের সেরা স্কোরের দেখা পেয়েছিলেন। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে রবিউল ব্যক্তিগত সেরা ৬২৮ স্কোর ছুঁয়েছিলেন। প্যারিসে নিজেকে ছাড়িয়ে যাবেন, এটাই ছিল সবার প্রত্যাশা। কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি উল্টো।

সামনে থাকা বাছাইপর্বের বাধা পেরিয়ে যেতে পারলে সেরা আটে পৌঁছানো কঠিন কিছু হতো না নিশ্চয়ই। কিন্তু সমস্যা হচ্ছে, অলিম্পিকের মতো মেজর টুর্নামেন্টের মঞ্চে বাংলাদেশের শুটাররা সব সময় আগেভাগেই নতি স্বীকার করে নেন স্নায়ুচাপের কাছে। রবিউল সেই পুরোনো চিত্রনাট্য যেন নতুন করে ফুটিয়ে তুললেন প্যারিসে গিয়ে।

আগের দুই অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তারকা শুটার আবদুল্লাহ হেল বাকি। তবে ২০২১ টোকিও অলিম্পিকে ৪৭ জনের মধ্যে হন ৪১তম। আর তার আগে ২০১৬ রিও অলিম্পিকে ৫০ জনের মাঝে হন ২৫তম। ২০১২ লন্ডন অলিম্পিকে বাংলাদেশ থেকে শুটিংয়ে কোনো ছেলে অ্যাথলেট সুযোগ পাননি। অন্যদিকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে খেলেছেন শারমিন আক্তার রত্না। ৫৬ জনের মধ্যে ২৭তম হয়েছিলেন তিনি।

বাংলাদেশের কোনো শুটার এখন পর্যন্ত সরাসরি অলিম্পিকে অংশগ্রহণের টিকিট পাননি। দেশের যে আটজন শুটার বিশ্ব ক্রীড়াঙ্গনের এ বৃহত্তম আসরে খেলেছেন, তাদের সবাই অংশ নেন ওয়াইল্ড কার্ড প্রাপ্তির সুবাদে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা