প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ০৩:৪০ এএম
বিয়ের আংটি হারিয়ে বিপাকে পড়েছিলেন তাম্বেরি— সংগৃহীত ছবি
অমন একটি দিনের স্বপ্ন কে না দেখে? অলিম্পিকে নিজ দেশের পতাকা ওড়ানোর সেই স্বপ্ন পূরণও হয়েছিল জানমার্কো তাম্বেরির। তবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী দিন অন্য কারণেও মনে রাখবেন ইতালির হাই জাম্পার। এ দিন তার বিয়ের প্রিয় আংটিটি হারিয়েছে। সিন নদীতে ২৬ জুলাই আংটি হারানোর পর অদ্ভুদ বিড়ম্বনায় পড়েছিলেন তাম্বেরি। কিন্তু এমন বিষয়টিতেও খুঁজে পেয়েছেন দারুণ কিছু।
প্যারিস অলিম্পিকে প্রথা ভেঙে এবার বিভিন্ন দেশের প্যারেড হয় স্টেডিয়ামের বাইরে। সিন নদীতে ছোট ছোট নৌকায় করে প্যারেডের আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটনাটি ঘটে।
ইতালির পতাকাবাহক তাম্বেরি নদীতেই হারিয়ে ফেলেন আংটি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর প্রতি এক ভালোবাসাপূর্ণ মজার পোস্ট করেছেন তিনি। ‘স্যরি মাই লাভ’ বলে জনসমক্ষে ক্ষমাও চেয়েছেন তাম্বেরি।
২০২১ অলিম্পিকের সোনাজয়ী অ্যাথলেটের স্ত্রীও বিষয়টি সহজেই মেনে নিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তাম্বেরির স্ত্রী জবাব দিয়েছেন, ‘একমাত্র তুমি এটাকে (আংটি হারানো) রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’