প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ২০:১৯ পিএম
গৃহযুদ্ধে
টালমাটাল আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। ২০১১ সালে
স্বাধীন হওয়ার পর এবারই প্রথম অলিম্পিকে পা রেখেছে। আর অভিষেক
আসরেই বাজিমাত করেছে দেশটির পুরুষ বাস্কেটবল দল। প্যারিসে
পুয়ের্তো রিকোকে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। গ্রেটেস্ট শো
অন দ্য আর্থ-এর মঞ্চে তারা প্রথম জয়ের দেখা পেয়েছে।
ম্যাচ শুরুর আগে অবশ্য জাতীয় সংগীত চলাকালে বিভ্রাট তৈরি হয়। দেশটির জাতীয় সংগীতের রেকর্ড ভুলভাবে বাজানো হলে স্টেডিয়ামে হইচই শুরু হয়ে যায়। পরে অবশ্য ঠিক জাতীয় সংগীত বাজানোর পর পরিস্থিতি ঠাণ্ডা হয়। এরপর ম্যাচের শুরুটাও ভালো হয়নি দক্ষিণ সুদানের। তবে শেষ দিকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে জয় আদায় করে নেয় তারা। ৯০-৭৯ পয়েন্টের ব্যবধানে অলিম্পিকে প্রথম জয়ের দেখা পেয়েছে আফ্রিকান দেশটি।
প্রথম কোয়ার্টারে দক্ষিণ সুদান আট পয়েন্টের পিছিয়ে ছিল (২০-২৮)। দ্বিতীয় অর্ধে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি (২৮-২৬)। তৃতীয় কোয়ার্টারে পুয়ের্তো রিকোকে ১৫ পয়েন্টের বেশি নিতে দেয়নি (২৩-১৫)। শেষ কোয়ার্টারে তারা ১৯-১০ পয়েন্টে এগিয়ে ছিল। পরের রাউন্ডে দক্ষিণ সুদান ‘সি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।